মালয়শিয়া গমনেচ্ছুদের লটারি বুধবার
মালয়শিয়া গমনেচ্ছু নিবন্ধিতদের মধ্য থেকে চূড়ান্ত কর্মী বাছাইয়ে বুধবার অনুষ্ঠিত হবে লটারি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চূড়ান্ত পর্বে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারির মাধ্যমে সাড়ে ১১ হাজার কর্মী নির্বাচন করা হবে, যারা মালয়শিয়ায় বনানয়নকর্মী হিসেবে নিয়োগ পাবে।
সরকারি ব্যবস্থাপনায় মালয়শিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতে যেতে আগ্রহী ব্যক্তিদের মধ্য থেকে ইতোমধ্যে অনলাইনে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫শ’ জনকে বাছাই করা হয়েছে ।
সারাদেশের ৬৪ জেলা থেকে মোট ১৪ লাখ ৩৫ হাজার ৪৩৬ জন আবেদন করেছে। গত ১৩ জানুয়ারি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়।
