২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের বাড়িভাড়া পাঁচগুণ বেড়েও ৫০০ টাকা!

এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া একশ টাকা থেকে বাড়িয়ে পাঁচশ করার ঘোষণা দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 08:49 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

আর চিকিৎসা ভাতা দেড়শ টাকা থেকে বেড়ে হয়েছে তিনশ’ টাকা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলন করে ভাতা বাড়ানোর এই ঘোষণা দেন।

তিনি বলেন, “শিক্ষকরা আগে যে ভাতা পাচ্ছিলেন তা খুবই অপ্রতুল। বিগত ১৮ বছর ধরে তারা এভাবেই চলছিলেন। এই টাকা যথেষ্ট বাড়ানোর প্রয়োজন ছিল।”

১৯৮৪ সালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া একশ টাকা এবং চিকিৎসা ভাতা ৬০ টাকা টাকা হয়। পরে চিকিৎসা ভাতা দুই দফা বাড়িয়ে দেড়শ টাকা করা হলেও বাড়ি ভাড়া আগের মতোই থেকে যায়।

অন্যদিকে বর্তমান বেতন কাঠামো অনুযায়ী সরকারি স্কুলের শিক্ষক কর্মচারীরা মূল বেতনের ৪৫ শতাংশ হারে সর্বনিম্ন চার হাজার টাকার মতো বাড়িভাড়া ও ৪৫০ টাকা চিকিৎসা ভাতা পান।

মাসে ৫০০ টাকায় বর্তমানে বাসা ভাড়া পাওয়া অসম্ভব হলেও ভাতা বৃদ্ধির ফলে শিক্ষকরা ‘খুশি হবেন’ বলে আশা করছেন মন্ত্রী। 

তিনি বলেন, “আমরা এই ভাতা বাড়ানোর ফলে শিক্ষকরা খুশি হবেন এবং বিভিন্ন কার্যক্রমে তারা উৎসাহ পাবেন।”

মন্ত্রী জানান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ভাতা পাঁচশ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। আর প্রথমবারের মত সহকারী গ্রন্থাগারিকের পদও এমপিওভুক্ত করছে সরকার।

এই ভাতাবৃদ্ধির সুযোগ পাবেন এমপিওভুক্ত চার লাখ ৬৯ হাজার ৮৪৪ জন শিক্ষক কর্মচারী এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছয় হাজার ৭৬ জন শিক্ষক।

এ জন্য সরকারের খরচ হবে ২৪৪ কোটি টাকা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকেই ভাতা বৃদ্ধির এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে মন্ত্রী জানান।