সোনারগাঁওয়ে ২ র্যাব সদস্যকে পিটুনি
চাঁদাবাজির অভিযোগ এনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যাবের দুই সদস্যকে পিটিয়েছে জনতা।
সোমবার সন্ধ্যায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জনতা হোসেনপুর-মোগড়াপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। ওই সময় দুটি মটর সাইকেলে আগুন দেয়া হয়, যার একটি র্যর্যাবের।
সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই র্যাব সদস্যকে গণপিটুনির খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়েছে।
গণপিটুনির শিকার দুজন হলেন- র্যাব-১১ এর এএসআই বেলায়াত হোসেন ও সৈনিক এরশাদ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, হোসেনপুর চেলারচর গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে একই এলাকার সেরাজুল মুকুলের জমি সংক্রান্ত বিরোধ ছিল।
এ নিয়ে সিরাজুল ইসলাম বাদী হয়ে মুকুলের বিরুদ্ধে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। তবে থানার এএসআই সোহেল বিষয়টি মীমাংসার ডাকলে বিবাদী মুকুল থানায় গেলেও সিরাজুল সেখানে যাননি।
বরং সোমবার সিরাজুল আদমজীতে অবস্থিত র্যর্যাব-১১ কার্যালয়ে মুকুলের বিরুদ্ধে আরেকটি অভিযোগ করেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৭টার দিকে র্যাবের ওই দুই সদস্য হোসেনপুর এলাকায় গিয়ে কৃষক মুকুলকে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেয় এবং এক পর্যায়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বলে স্থানীয়দের অভিযোগ।
মুকুল সাংবাদিকদের বলেন, “আমার কাছে র্যাব পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাকে মারধর করে।”
এরপর গ্রামবাসী জড়ো হয়ে বেলায়েত ও এরশাদকে মারধর করে স্থানীয় একটি সমিতির কার্যালয়ে আটকে রাখে। পরে সোনারগাঁ থানা থেকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমি সংক্রান্ত ঘটনায় এক পক্ষের হয়ে র্যাবের দুই সদস্য এক কৃষককে মারধর করলে জনতা তাদেরকে আটক করে গণধোলাই দেয়।”
র্যাব-১১’র কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নওরোজ বলেন, “সেখানে আসলে কী ঘটনা ঘটেছিল, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
