সুন্দরবনে বন্দুকযুদ্ধে মেজর জিয়াউদ্দিন আহত
জিয়াউদ্দিন মুক্তিযুদ্ধ চলাকালে নয় নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। বর্তমানে মৎস্যজীবীদের সংগঠন দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
সুন্দরবনে জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মেজর জিয়াউদ্দিন আহমেদ আহত হয়েছেন।
বন্দুকযুদ্ধে অন্তত তিন জলদস্যু নিহত হওয়ার কথা শোনা গেলেও বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা তা নিশ্চিত করেননি।
শুক্রবার সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জিয়াউদ্দিন মুক্তিযুদ্ধ চলাকালে নয় নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। বর্তমানে মৎস্যজীবীদের সংগঠন দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
তাকে হেলিকপ্টারে করে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার ভাই কামালউদ্দিন আহমেদ, যিনি একই সংগঠনের সাধারণ সম্পাদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সুন্দরবনের জলদস্যু মর্তুজা বাহিনীর সঙ্গে জিয়াউদ্দিনের নেতৃত্বাধীন দুবলা ফিশারম্যান গ্রুপের এই বন্দুকযুদ্ধে ওই বাহিনীর কমপক্ষে তিন জন নিহত হয়েছেন।”
“সকাল ১০টার দিকে আমরা নিজস্ব কার্গোতে করে দুবলার আলোরকুলের উদ্দেশ্যে যাত্রা করি। পথে চরপুটিয়া এলাকায় পৌঁছলে জলদস্যু মর্তুজা বাহিনীর ১০/১২ জন সশস্ত্র সদস্য আমাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। জবাবে আমরাও লাইসেন্স করা অস্ত্র দিয়ে পাল্টা গুলি করি।”
গোলাগুলিতে জিয়াউদ্দিনের বাম চোখের উপর ছররা গুলি লাগে।
তিনি বলেন, “জলদস্যু মর্তুজা বাহিনী ও দুবলা ফিশারম্যান গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।তবে হতাহত হওয়ার বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি।”
