আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন নাহিদ
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবনে মন্ত্রী শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে বৃহস্পতিবার বিকালে শিক্ষকদের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের সঙ্গে সংসদ ভবনে তার দপ্তরে দেখা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে স্পিকার উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি এশারত আলী।
তিনি বলেন, এমপিও দেয়ার বিষয়টি বিবেচনা করতে স্পিকারের কাছে একটি স্মারকলিপিও দেয়া হয়েছে। স্পিকার এবিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে অনশন করেন। শুক্রবার সকাল ১০টা থেকে তারা সোহরাওয়ার্দী উদ্যানে আবার অনশন করবেন বলে জানান এই শিক্ষক নেতা।
এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা দাবি মেনে নিতে সরকারকে ২২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন। এর মধ্যে এমপিওর ঘোষণা না এলে ‘প্রয়োজনে’ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়ায় হুমকি দেন তারা।
শিক্ষকরা জানান, সারা দেশে সাত হাজারের মতো স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।
শিক্ষক নেতারা বলে আসছেন, এমপিওর সমাধান না হলে কোনো শিক্ষকই ঢাকা ছেড়ে যাবে না। শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আশ্বাস পেলেই কর্মসূচি স্থগিত করবেন তারা।
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন কর্মসূচিতে বেশ কয়েক দিন ধরেই বাধা দিচ্ছে পুলিশ। পুলিশী বাধার মধ্যেও শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চ ও সংসদ ভবনের সামনে বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালন করছে।
বৃহস্পতিবার সংসদ অভিমুখে শিক্ষকদের মৌন পদযাত্রার কথা থাকলেও পুলিশের হামলার ভয়ে শিক্ষকদের মধ্য থেকে শুধু পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে দেখা করেন।
এমপিওভুক্তির দাবিতে গত ৭ জানুয়ারি থেকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক-কর্মচারী।
দাবি আদায়ে শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার সময় শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন। শহীদ মিনারে অনশনে বসতে গেলেও শিক্ষকদের ওপরে পেপার স্প্রে করে পুলিশ।
এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনারের কার্যালয়ের সামনেও শিক্ষকদের অনশনে পেপার স্প্রে করা হয়। সংসদ ভবনের সামনেও জলকামান ব্যবহার করে শিক্ষকদের হটিয়ে দেয়া হয়।
এমপিওভুক্তির দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা। গত মে মাসে এ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকও হয়। গত ৫ সেপ্টেম্বর শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন তারা।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলে আশ্বাস দেয়ার পর কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। যদিও ওই বৈঠক পরে স্থগিত করা হয়।
এরপর গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নিতে সরকারকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় আবার লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
