ভোট দেয়ার ভান করে সমালোচনায় জাবেদ
নিজ এলাকার ভোটার না হয়েও কেন্দ্রে গিয়ে ক্যামেরার সামনে ভোট দেয়ার ‘অভিনয়’ করে সমালোচনার মুখে পড়েছেন চট্টগ্রাম-১২ উপ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
নির্বাচন কমিশন বলছে, কেন্দ্রে গিয়ে ‘ডামি ভোট’ দেয়ার কোনো সুযোগ আইনে নেই। জাবেদের ব্যাপারে কেউ আপত্তি জানালে ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হতে পারে।
গত ৪ নভেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর চট্টগ্রাম-১২ আসনটি শূন্য হয়। উপনির্বাচনের দুই প্রার্থীর মধ্যে আখতারুজ্জামানের ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে। তার প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন গণফোরামের উজ্জল ভৌমিক।
জাবেদ নিজে চট্টগ্রাম মহানগরীর ভোটার হলেও বৃহস্পতিবার ভোটের সকালে হাইলচর বি, জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় তিনি ক্যামেরার সামনে ভোট দেয়ার ভঙ্গি করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এতে তিনি ওই কেন্দ্রে ভোট দিয়েছেন বলেও প্রাথমিকভাবে গুঞ্জন তৈরি হয়। কিন্তু পরে বিষয়টি স্পষ্ট হলে সমালোচনায় পড়েন জাবেদ।
এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা সৌমিত্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কোনো মন্তব্য করতে চাই না। ইসি অথবা রিটার্নিং কর্মকর্তা যা বলবেন, তাই হবে।”
রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাবেদ ওই এলাকার ভোটার নন। স্থানান্তর হওয়ার আবেদন করেছেন। ৩১ জানুয়ারি তা সম্পন্ন হলে চাইলে পরে তিনি নিজের এলাকায় ভোট দিতে পারেন।”
এ বিষয়ে প্রশ্নের জবাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাবেদ বলেন, “আমি ওই এলাকার ভোটার নই। এ জন্য স্থানান্তরের আবেদন দিয়েছি। কেন্দ্রে গেলে সাংবাদিকদের অনুরোধে সাদা কাগজে ভোট দেয়ার মতো দেখিয়েছি। ওটা ছিলো একটা কাগজ। আমি ভোট দিতে পারি না। কিন্তু কাগজটা দেখিয়েছি।”
তবে এটাকেও অনৈতিক বলে মনে করেন, ইসি সচিবালয়ের উপ সচিব শাজাহান খান।
সংশ্লিষ্ট বিষয়ে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে কোনো অভিযোগ আসেনি বলে জানান জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন।
একজন প্রার্থীর এভাবে ‘ডামি ভোট দেওয়া’ আইনসম্মত হয়নি বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনোভাবেই নির্বাচনে ডামি ভোট দেয়া যায় না। প্রার্থী ভোটার না হলে কেন ভোট দেয়ার অভিনয় করতে হবে? এটা ঠিক না। কেউ আপত্তি করলে ব্যবস্থা নিতে হবে।”
কোনো কর্মকর্তা এ কাজে সহায়তা করেছে কিনা তাও দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
