২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ে কণ্ঠে বিচারক সেজে প্রতারণা, রিমান্ড

মেয়ে কণ্ঠে নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তিকে নয় দিনের গোয়েন্দা হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বিচারপতি পরিচয় দিয়ে আসামিদের কাছ থেকে টাকা নিয়ে তারা জামিনের ব্যবস্থা করে দিতেন।

বুধবার বিকেলে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

ওই দুই ব্যক্তি হলেন, মো. রাকিব হাসান ওরফে বাদল (২৪) ও মঞ্জুরুল হক সরকার ওরফে রিপন (৩৪)। রাকিব বিচারপতি হিসাবে নিজের পরিচয় দেয়।

রাকিবের  গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুইরাবো মধ্যপাড়ায়। মঞ্জুরুলের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার কান্দিপাড়া গ্রামে। মঞ্জুরুলের মতিঝিল এলাকায়ও একটি ঠিকানা রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের  পরিদর্শক মো. হাসান আল-মামুন ১০ দিনের হেফাজত চান।

আবেদনে বলা হয়, রাকিব একজন পেশাদার প্রতারক। তার কণ্ঠ মেয়েদের মত হওয়ায় তা পুঁজি করে নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, কখোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে পরিচয় দিয়ে অনেকদিন ধরে চাকরি দেয়া, জামিন করিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে আসছে।

গত ৮ জানুয়ারি সকালে রাকিব মহানগর হাকিম মো. সাইফুর রহমানকে ফোন করে নিজেকে বিচারক পরিচয় দিয়ে রমনা থানার ১২(১১)১২ নম্বর মামলার ৩৩ নম্বর আসামি মো. কামাল উদ্দিনের জামিন দেয়ার জন্য বলেন।

সন্দেহ হওয়ায় ঘটনাটি মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ওই বিচারপতি ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে জানান। ঘটনা শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন।

পরে একই দিন দুপুর দেড়টার দিকে আবারো একই কায়দায় জামিনের জন্য মহানগর হাকিমকে ফোন দিলে আদালত থেকে বলা হয়, কামালের জামিন হয়ে গেছে।

জামিননামা নিতে আদালতে আসতে বললে আব্দুল হান্নান এবং মোজাম্মেল হক নামে দুই ব্যক্তি সেখানে যান। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার গ্রেপ্তার করা প্রতারক চক্রের হোতা রাকিব এবং তার সহযোগী মঞ্জুরুলকে।

পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাকিবের বিরুদ্ধে প্রতারণা ও মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।