না’গঞ্জে মালয়শিয়ার লটারি জিতল ৭৭০ জন
নারায়ণগঞ্জে রেজিস্ট্রেশন করা মালয়শিয়া গমনেচ্ছুদের মধ্যে লটারিতে জয়ী হয়েছেন ৭৭০ জন।
রেজিস্ট্রেশন করা ১০ হাজার ৯০৪ জনের মধ্যে এই লটারি করা হয় বলে জেলা প্রশাসন জানায়। বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকসহ রেজিস্ট্রেশনকারীদের উপস্থিতিতে এই লটারির ফল ঘোষণা করা হয়।
এ সময় জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল মতিন বলেন, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার ৩২টি ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে বিভিন্ন উপজেলার মোট ১০ হাজার ৯০৪ জন রেজিস্ট্রেশন করেন।
এর মধ্যে সোনারগাঁ উপজেলায় ২,৩৬৯ জন, রূপগঞ্জে ১,৯০৮ জন, বন্দরে ১২৬৯ জন, সদরে ১৩৬৯জন এবং আড়াইহাজার উপজেলায় ৩৯১৩ জন রেজিস্ট্রেশন করেন।
রোববার জেলার এই পাঁচ উপজেলার ৩২টি ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে মালয়শিয়া গমনেচ্ছুদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়। শেষ হয় মঙ্গলবার।
