২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের ‘ইতিবাচক’ চিঠি দুদকে

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে মামলার পর বিশ্ব ব্যাংকের একটি চিঠি এসেছে দুর্নীতি দমন কমিশনে, যা ইতিবাচক বলে মনে করছে সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

দুদক কমিশনার এম সাহাবউদ্দিন ওই চিঠি আসার কথা জানিয়ে সোমবার সাংবাদিকদের বলেন, “সামগ্রিকভাবে তারা তাদের রিঅ্যাকশন ব্যক্ত করেছে, এতে হতাশার কিছু নেই।

“ওয়ার্ল্ড ব্যাংক প্যানেল আমাদের কাজে সন্তষ্ট বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।”

তিন দিন আগে এই চিঠি আসে বলে দুদক কমিশনার জানান।

গত ১৭ ডিসেম্বর মামলার পর এই প্রথম বিশ্ব ব্যাংকের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানল দুদক।

দুদকের তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংক তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছে, ওই প্যানেলের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে বাংলাদেশের দীর্ঘতম সেতুতে সংস্থাটির অর্থায়ন।

বিশ্ব ব্যাংকের চিঠিতে সুস্পষ্ট কী বলা আছে- জানতে চাইলে সাহাবউদ্দিন বলেন, “তাদের বক্তব্য সামারাইজ করলে যা দাঁড়ায়, তদন্তের ব্যাপারে তারা আরো সহযোগিতা করতে প্রস্তুত।”

“তোমরা তোমাদের আইন-কানুন ও পাবলিক প্রকিউরমেন্ট নীতিগুলো ভালোভাবে বিশ্লেষণ কর,” চিঠিতে দুদককে তাই বলেছে বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক প্যানেল আবারো ঢাকা আসতে পারে বলে ধারণা দুদক কমিশনারের।

লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন ওই প্যানেল দুই দফা বাংলাদেশ সফরের পর দুদক মামলা করে। সর্বশেষ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা সফর করেছিল ওই প্যানেল।

৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ তুলে তারা ঋণচুক্তি বাতিল করেছিল।

পরে সরকারের নানামুখী তৎপরতায় ঋণ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এলেও দুদকের তদন্ত পর্যবেক্ষণে প্যানেল গঠন করে।

বিশ্ব ব্যাংক ফেরার সময় ‘দুর্নীতি’তে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছিল। আর দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণের অনুমতিও নিয়েছিল।

দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের পর জানায়, ঘুষ লেনদেন না হলেও তার একটি ষড়যন্ত্র হয়েছিল এবং তাতে সাত ব্যক্তির জড়িত থাকার প্রমাণ তারা পেয়েছে।

গত ১৭ ডিসেম্বর করা মামলার প্রধান আসামি করা হয় সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেনকে।

মামলার আসামি কাদের করা হবে, সেই বিষয়ে মতভেদ নিয়েই গত ডিসেম্বরে তিন সদস্যের বিশ্ব ব্যাংক প্যানেল ঢাকা ছাড়ে।

মামলার পর অ্যালেন গোল্ডস্টেইন ১৭ ডিসেম্বর এক বিবৃতিতে জানান, ওকাম্পো নেতৃত্বাধীন প্যানেল মামলার এজহার পর্যবেক্ষণ করবে। তারপর প্রতিবেদন দেবে।

ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত নেবে, তারা পদ্মা প্রকল্পে থাকবে, না কি থাকবে না।