বরিশালে কিশোরী ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার
বরিশাল নগরীতে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার ৬ নম্বর গুচ্ছগ্রামের পাশে ধর্ষণের এই ঘটনার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাক আহমেদের ছেলে শাফায়েত ইসলাম (২২) এবং একই এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে মো. রুবেল (২১)।
কিশোরীর পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যার পর ওই কিশোরী তার সমবয়সী এক খালাত ভাইকে নিয়ে কাজীর গোরস্থান এলাকা থেকে বেলতলা খেয়াঘাটে খালার বাসায় যাচ্ছিল।
পথে গুচ্ছ গ্রামের রাস্তার মাথায় খালাত ভাইকে মারধর করে ওই কিশোরীকে কীর্তনখোলা নদী সংলগ্ন নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এলাকায় নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের পর তিন দৃর্বৃত্ত ওই কিশোরীর কাছে অর্থ দাবি করে বলেও ধর্ষিতার পরিবারের অভিযোগ।
ঘটনার পর কাউনিয়া থানায় তিনজনের বিরুদ্ধে রোববার গভীর রাতে মামলা হয়। এরপর অভিযান চালিয়ে শাফায়াত ও রুবেলকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ মিত্র জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরেক আসামিকে গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।
