২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর তৈরির স্বপ্ন পুড়লো আগুনে 

দেশে এসে ঘর তৈরির স্বপ্ন অধরাই থেকে গেল বাহরাইনের রাজধানীতে অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রবাসী শ্রমিক নাজির আহমদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উত্তম সেনগুপ্ত, প্রতিবেদক, চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 08:16 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

একটু স্বচ্ছলতা আর ভালোভাবে বেঁচে থাকার আশায় আট বছর আগে বাহরাইন পাড়ি দিয়েছিলেন বোয়ালখালীর চর খিজিরপুর গ্রামের ছগির আহমেদের ছেলে নাজির (৪৫)।

দুই বছর আগে ছুটিতে একবার দেশে এসেছিলেন তিনি। আগামী রোজায় আবারো দেশে আসার ইচ্ছা ছিল তার। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হল না নাজিরের।

বাহরাইনের রাজধানী মানামার মুকারকা এলাকায় তিনতলা একটি ভবনে শুক্রবার বিকালে আগুন লেগে নিহত হন নাজিরসহ ১১ বাংলাদেশি শ্রমিক।

রোববার নাজিরের বাড়িতে গিয়ে কথা হয় তার স্ত্রী, তিন সন্তান আর মায়ের সঙ্গে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা।

প্রতিবেশীরা এসে তাদের সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু কোনো সান্ত্বনাই যেন তাদের শোক ভুলাতে পারছে না। প্রিয় মানুষটির মুখ শেষবারের মতো দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন শোকগ্রস্ত এই পরিবারের সদস্যরা।

নাজিরের স্ত্রী শিরিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে শেষ কথা হয় তার স্বামীর সঙ্গে। প্রতি শুক্রবারই স্বজনদের সঙ্গে কথা বলার জন্য ফোন করতেন নাজির। নাজিরের আরো এক ভাই নাসিরও বাহরাইনে কাজ করেন।

“আমার বাবার বাড়িতে দাওয়াতে যাওয়ার জন্য স্বামীর কাছে অনুমতি চেয়েছিলাম, তিনি ছেলেমেয়েদের নিয়ে যেতে বলেন। তিনি বলেছিলেন, কয়েকদিনের মধ্যে বেতন পাব। তখন বাড়িতে টাকা পাঠাব।”

“এবার দেশে এসে নতুন করে ঘর তোলার কথা ছিল তার। কিন্তু আমার স্বামীর আর ঘর তোলা হল না”, বলেই কান্নায় ভেঙ্গে পড়েন শারমিন।

তিন সন্তানকে নিয়ে সামনের দিনগুলো কীভাবে কাটাবেন সেই দুশ্চিন্তা এখন শারমিনের।

নাজিরের বাড়িতে একটি মাত্র টিনের একচালা ঘর। তার পেছনে পুকুর। এই একটি ঘরেই সবার বাস। তিন সন্তানের সবার বড় জাবেদ হোসেন স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র। ছোট দুই মেয়ের একজন ষষ্ঠ আর অন্যজন দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

নাজিরের বড় ছেলে জাবেদ জানায়, “বাবার সঙ্গে যখনই কথা হত তখনই ভালো করে পড়ালেখা করার তাগিদ দিতেন। এবার পরীক্ষার রেজাল্ট হওয়ার পর বাবা আমাকে বলেছিলেন, তুই তো পাশ করে আমার জন্য কিছু পাঠালি না।”

গত শুক্রবার সকালে নাজির যখন ফোন করেছিলেন তখন ছেলে জাবেদের সঙ্গে কথা হয়নি। মেয়েদের সঙ্গে কথা হয়। কিছুদিন আগে ছেলের জন্য জ্যাকেট, এক মেয়ের জন্য কসমেটিকস বক্স এবং সবার ছোট মেয়ের জন্য পুতুল পাঠিয়েছিলেন নাজির।

নজিরের ছোট ভাই ওমর ফারুক বলেন, শনিবার সকালে বিদেশে থাকা অপর ভাই নাসিরের কাছ থেকে নাজিরের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হন।

বাবার কথা মনে নেই আবিদের

বাহরাইনে নিহতদের মধ্যে চট্টগ্রামের অপর দুইজন হলেন পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাতুয়া গ্রামের হাজী রশিদের ছেলে মাহবুব আলম (৪৮) ও জিরি ইউনিয়নের মালিয়াপাড়ার আবদুল আজিজের ছেলে মো. জামাল।

এরমধ্যে দুই ছেলে-মেয়ের বাবা মাহবুব চার বছর আগে পাড়ি জমান বাহরাইন। ২০ জানুয়ারি দেশে ফেরার কথা তার।

মাহবুবের বড় ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবিদ জানায়, “যখন বাবা বিদেশ যায় তখন আমি খুবই ছোট ছিলাম। বাবার স্মৃতি আমার কাছে অনেকটাই ঝাপসা।”

সর্বশেষ যেদিন বাবার সঙ্গে ফোনে কথা হয় আবিদের সেদিন বাবাকে সে তার জন্য শার্ট, প্যান্ট আর সোয়েটার পাঠাতে বলেছিল।

“বাবা বলেছিলেন ২০ তারিখ আসার সময় নিয়ে আসবেন।’’

অপরদিকে পটিয়া উপজেলার জিরি মালিয়াপাড়ার মো. জামাল দুই ছেলে আর দুই মেয়ের জনক।