২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলছাত্রী জেরিন নিহতের ঘটনায় হত্যা মামলা

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে মেডিকেল কলেজ শিক্ষার্থী মুন জেরিনা আরাবিন জেরিন নিহতের ঘটনায় তার বন্ধুকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 07:59 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

নিহতের খালু হারুন-উর-রশিদ রোববার রাতে কমলাপুর রেলওয়ে থানায় এই মামলা করেন বলে থানার উপ-পরিদর্শক (এসআই)আলমগীর হোসেন জানান।

মামলায় জেরিনের বন্ধু কাজী মহীউদ্দিন সরণ এবং তার বাবা কাজী জসিমউদ্দীন ও মা শাহানা বেগমকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

উত্তরা উইমেন্স মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী জেরিনকে (২৩) শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জেরিনের বন্ধু মহিউদ্দিন সরণ তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ক্যান্টনমেন্ট রেলক্রসিং এলাকায় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হন জেরিন। ঘটনার সময় দুজন একসঙ্গে থাকলেও রাস্তার এক পাশে লাফ দিয়ে সরে যান তিনি।

আহত জেরিনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন সরণ।

সরণের বক্তব্য নিয়ে সন্দেহ হওয়ায় চিকিৎসকরা জেরিনকে মৃত ঘোষণা করার পরপরই ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, বিদেশ থেকে লেখাপড়া করে ফিরে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন সরণ।

সোমবার তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজতে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন।

মুখ্য বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলাম তিন দিন হেফাজতের আদেশ দেন। সরণের পক্ষে জামিন চাওয়া হলেও তা নাকচ করেন বিচারক। 

পুলিশ কর্মকর্তা আলমগীর রোববার সাংবাদিকদের বলেন, জেরিনের বন্ধু সরণকে নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। সে ক্যান্টনম্যান্ট এলাকায় জেরিনের আহত হওয়ার কথা বললেও খিলগাঁও বনরুপার সামনে এ ঘটনা ঘটে।

এসআই আলমগীর বলেন, “ঘটনাস্থল গিয়ে জানা যায়, শনিবার বিকাল পৌনে ৬টার দিকে জেরিন ও সরণের মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে সরণ তার বন্ধু জেরিনকে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন।”

জেরিনের মাথা ও চোখের ডান পাশে এবং ডান পায়ে ক্ষত চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।

দুই বোন ও এক ভাইয়ের মধ্যে জেরিন ছিলেন সবার বড়। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। তার বাবা মীর কায়কোবাদ ও মা আফরোজা মীর মেরী সকালে কানাডা থেকে ঢাকায় পৌঁছেছেন।