২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিজিবিতে আস্থা ফিরেছে’

পিলখানায় রক্তাক্ত বিদ্রোহের চার বছর পর সীমান্তরক্ষী বাহিনীতে ‘স্বাভাবিক পরিস্থিতি’ ফিরে এসেছে বলে মনে করেন বিজিবি প্রধান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 07:57 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সোমবার পিলখানায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেন,

“বিডিআর বিদ্রোহের পর পিলখানাসহ বিজিবির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।”

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদরদপ্তর পিলখানায় জওয়ানদের বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। এরপর এ বাহিনীর নাম বদলে বিজিবি করা হয়।

বিজিবি প্রধান বলেন, ওই বিদ্রোহের পর পিলখানা ও দেশের অন্যান্য স্থানে সীমান্তরক্ষা বাহিনীর দপ্তরে নিরাপত্তার জন্য যে সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছিল, পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

“আমার বাসায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিল সম্প্রতি তাদেরও সরিয়ে নেয়া হয়েছে।”

আজিজ আহমেদ বলেন, “আমি দায়িত্ব নেয়ার পরপর বিভিন্ন জায়গায় আমার সঙ্গে সেনাসদস্যরা গেলেও এখন আর তারা যাচ্ছে না।”

গত ৫ ডিসেম্বর বিজিবির মহাপরিচালকের দায়িত্ব নেন আজিজ আহমেদ।

পরিস্থিতির উন্নতি হওয়ায় পিলখানায় নিয়োজিত পুলিশ সদস্যদেরও গত ৩১ ডিসেম্বর প্রত্যাহার করে নেয়া হয় বলে জানান তিনি।

জওয়ানদের ওই বিদ্রোহের পর বিজিবির গোয়েন্দা শাখা শক্তিশালী করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “বিডিআর বিদ্রোহের যে সব মামলা চলছে সেগুলোতে আমরা শুধু প্রশাসনিক সহায়তা দিচ্ছি।”

বিচারে খালাসপ্রাপ্তরা আবারো বাহিনীতে ফিরে এসেছে এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছে বলেও তিনি দাবি করেন।

ইতোমেধ্যে ওই বিদ্রোহের ঘটনায় সারা দেশে বিজিবি আইনে করা মামলাগুলোর বিচার শেষ হয়েছে। আর বিদ্রোহের সময় হত্যার ঘটনায় প্রচলিত আইনে মামলার কার্যক্রম চলছে।

ওই বিদ্রোহের ঘটনায় সরকার গঠিত ১২ সদস্যের তদন্ত কমিটি ২০১০ সালেই ৩০৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়, যাতে ৮টি স্বল্পমেয়াদি এবং ১৫টি দীর্ঘমেয়াদি সুপারিশ করা হয়।

পিলখানায় বিদ্রোহের সুনির্দিষ্ট কেনো কারণ তদন্ত কমিটি বের করতে না পারলেও প্রতিবেদনে বলা হয়, সাধারণ বিডিআর সদস্যদের মধ্যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব এবং তাদের দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষ এর প্রাথমিক কারণ হতে পারে।

তবে এই দাবিগুলোকে সামনে রেখে ‘যড়যন্ত্রকারীরা’ রাষ্ট্রের স্থিতিশীলতা বিপন্ন করতে কলকাঠি নেড়ে থাকতে পারে বলেও মন্তব্য করা হয় তদন্ত কমিটির প্রতিবেদনে।

সীমান্তরক্ষা বাহিনীর চারটি আঞ্চলিক সদরদপ্তর খুব শিগগিরই চালু হবে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী এই আঞ্চলিক সদরদপ্তরগুলো উদ্বোধন করবেন।

ব্রাক্ষণবাড়িয়ার সরাইল, চট্টগ্রাম, রংপুর ও যশোরে এই চারটি আঞ্চলিক সদরদপ্তর করা হচ্ছে।

সকাল সাড়ে ১০টায় পিলখানার কনফারেন্স কক্ষে সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভা শুরু হয়।

বিজিবি মহাপরিচালক বলেন, “সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নিহতের ঘটনায় প্রতিবারই আমরা প্রতিবাদ জানিয়ে আসছি।”

হত্যা বন্ধে সরকারের পক্ষ থেকেও জোরালে পদক্ষেপ রয়েছে- মন্তব্য করে তিনি বলেন, এক্ষেত্রে সীমান্তের অধিবাসীদেরও সচেতন হওয়া প্রয়োজন।

“গরু পাচার নিয়ে সাধারণত এসব হত্যাকাণ্ড হয়। তাই বৈধভাবে ভারত থেকে গরু আমদানির সুযোগ দেয়ার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি”, বলেন বিজিবি প্রধান।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে, ২০১২ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৪৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। আর নতুন বছরের প্রথম দুই দিনে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে নিহত হয়েছেন আরো চারজন।

বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে নিরস্ত্র নাগরিকদের ওপর বিএসএফের এই নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানিয়ে আসছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও দোষী বিএসএফ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।