২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার পথে প্রধানমন্ত্রী

সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

পিএমও প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 03:48 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

Image
২০১০ সালে বাঘ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা

২০১০ সালে বাঘ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা

এই সফরে রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হবে, যার প্রস্তুতি ইতোমধ্যেই নিয়ে রেখেছে বাংলাদেশ।

সোমবার সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম ওয়াহিদুজ্জামান এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এই সফরের বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরকালে দুই দেশের মধ্যে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু থাকবে পরমাণু শক্তি, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা। এছাড়া দেশে একটি পরমাণু বিদ্যুতকেন্দ্র স্থাপনসহ চারটি চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে ১০০ কোটি ডলারের একটি চুক্তিও হওয়ার কথা রয়েছে এই সফরে।

২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রাশিয়ায় শেখ হাসিনার দ্বিতীয় সফর এটি। এর আগে ২০১০ সালের নভেম্বরে বাঘ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবুর্গে গিয়েছিলেন তিনি।

সোমবার স্থানীয় সময় বিকাল ৩টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে তাকে মোটর শোভাযাত্রা করে মস্কোর প্রেসিডেন্ট হোটেলে নিয়ে যাওয়া হবে। রাশিয়ায় ৩ দিনের সফরে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং মধ্যাহ্নভোজে যোগ দেনে শেখ হাসিনা।

এ সময় দুই নেতার উপস্থিতিতে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, আইন ও বিচার এবং সন্ত্রাস প্রতিরোধ বিষয়ে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

পরমাণু চুক্তির অধীনে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতিমূলক কাজের অর্থায়নের জন্য ৫০ লাখ ডলারের স্টেট এক্সপোর্ট ক্রেডিট চুক্তি এবং ঢাকায় পরমাণু শক্তি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য দুটি ভিন্ন চুক্তি সই হবে।

রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্র্রের প্রকৃত কাজের অর্থায়নের প্রধান পরিমাপকগুলোর বিষয়ে রাশিয়ার সমঝোতার বিষয়ে ৫০ লাখ ডলারের একটি স্মারকও সই হবে।

প্রধানমন্ত্রী বুধবার সকালে মস্কো স্টেট ইউনিভার্সিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং বাংলাদেশ-রাশিয়া সহযোগিতার প্রেক্ষাপট নিয়ে বক্তৃতা দেবেন।

দুপুরে রাশিয়ার অাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক সের্গেই কিরিয়েনকোর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। পরে তিনি ক্রেমলিন জাদুঘর ও গ্যাজপ্রম কার্যালয় পরিদর্শন করবেন।  

বুধবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রীর দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে।