২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি খুন: আরো ৩ ব্যক্তির ডিএনএ পরীক্ষা হচ্ছে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকারীদের চিহ্নিত করতে আরো তিন ব্যক্তির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 06:17 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

১৩ ব্যক্তির নমুনার ডিএনএ পরীক্ষার পর নতুন করে এই তিন ব্যক্তির দেহের নমুনা পাঠাতে পুলিশ আবেদন করলে রোববার তাতে আদালত সায় দেয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জাফর উল্লাহ ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মিজানুর রহমান যুক্তরাষ্ট্রের  ইনডিপেনডেন্ট ফরেনসিক সার্ভিস লিমিটেডে পরীক্ষার জন্য তা পাঠানোর অনুমতি দেন।

এই হত্যাকাণ্ডে ১৩ ব্যক্তির নমুনার ডিএনএ পরীক্ষার পর নতুন করে এই তিন ব্যক্তির নমুনা পাঠাতে পুলিশ আবেদন করলে রোববার তাতে আদালত সায় দেয়।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। চিহ্নিত আরেকজন পলাতক বলে সরকারের পক্ষ থেকে বলা হয়ছে।

গ্রেপ্তার সাতজন হলেন- রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল, সন্দেহভাজন ডাকাত রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ ও মো. সাঈদ।

মামলার তদন্ত সংস্থা র‌্যাব এর আগে সন্দেহভাজন ১৩ ব্যক্তির ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রে পরীক্ষা করিয়েছে।

সন্দেহভাজন তিন ব্যক্তির নমুনার পাশাপাশি নিহতদের বাড়ির বিভিন্ন আসবাবপত্রের কয়েকটি অংশও এই দফায় পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

আলামতগুলো হল- লোহার তৈরি গ্রিলের অংশ, ঘরের প্রধান দরজার একটি পুরনো তালা, একটি পিতলের ছিটকিনি, কাস্টিং লোহার তৈরি একটি ডোর চেইন।

হাকিম মিজানুর রহমানের আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের পর গত ১১ ফেব্রুয়ারি সকালে এই আলামতগুলো সংগ্রহ করা হয়।

গত ১০ ফেব্রুয়ারি রাতে পশ্চিম রাজাবাজারে বাড়িতে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।

প্রায় এক বছর গড়াতে চললেও এখনো এই হত্যার কোনো কারণ উদ্ঘাটন করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। হত্যার সাত মাস পর আটজনকে চিহ্নিত এবং সাতজনকে গ্রেপ্তারের কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়।