কাপাসিয়ায় শিক্ষিকাকে অপহরণ
গাজীপুরের কাপাসিয়ায় প্রাইমারি স্কুলের এক শিক্ষিকাকে (২৪) অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে উপজেলার নামিলা গ্রাম থেকে কর্মস্থল ঘোষেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে টোক বাসস্ট্যান্ডে তাকে অপহরণ করা হয়।
এ ঘটনায় রোববার ওই শিক্ষিকার স্বামী মাসুদ মিয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় অপহরণ মামলা করেছেন। নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীর (৩০) ও তার কয়েকজন সহযোগীকে মামলার আসামি করা হয়।
কাপাসিয়া থানার ওসি মো. দেলওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টোক বাসস্ট্যান্ডে থেকে কয়েকজন যুবক অস্ত্রের মুখে ওই শিক্ষিকাকে অপহরণ করে।তাকে উদ্ধারে পুলিশের একটি দলকে নেত্রকোণায় পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদের সঙ্গে ওই শিক্ষিকার বিয়ে হয়।
নেত্রকোণা জেলার মদন থানা এলাকার জাহাঙ্গীর (৩০) ওই শিক্ষিকাকে এর আগে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
