‘তত্ত্বাবধায়কে ফেরার সুযোগ নেই’
সংবিধানের সঙ্গে ‘সাংঘর্ষিক’ হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
“সংবিধান মানতে হবে। যে কোনো আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল হয়ে যাবে”, বলেন তিনি।
ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে বর্তমান সরকার। ফলে আগামী দশম সংসদ নির্বাচন বতর্মান সরকারের অধীনেই হবে।
ওই ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বিরোধী দল অন্দোলন চালিয়ে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাতে সাড়া দেয়নি। এ নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ আয়োজনেরও দাবি এসেছে বিভিন্ন মহল থেকে।
আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “সংশোধিত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ায় কোনো সুযোগ নেই।”
এদিকে সরকারের পক্ষ থেকে রাজনৈতিকভাবে মামলা প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ সেম্মেলনে বলেন, যতোদিন পর্যন্ত মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা দায়ের করা হবে, ততোদিন পর্যন্ত রাজনৈতিক মামলা প্রত্যাহারেরও রেওয়াজ থাকবে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রায় সাড়ে পাঁচ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
কামরুল ইসলাম বলেন, বিগত জোট সরকারের সময় সাবের হোসেন চৌধুরীর নামে থালা চুরির মামলা, মুনতাসির মামুন, শাহরিয়ার কবীরসহ অসংখ্য মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা করা হয়েছিল।
এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, জয়নাল হাজারীর বিরুদ্ধে সাংবাদিক টিপু সুলতানের নির্যাতনের মামলাও হয়রানিমূলক কি না।
প্রতিমন্ত্রী এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ‘রাজনৈতিক মামলায়’ হয়রানি করার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কামরুল ইসলাম বলেন, “মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হচ্ছে। ভিডিও আছে।”
বর্তমান সরকার মিথ্যা মামলা করে না বলেও দাবি করেন তিনি।
গতমাসে অবরোধে গাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের করা ৩৬টি মামলায় মির্জা ফখরুলকে আসামি করেছে পুলিশ। এর মধ্যে দুটি মামলায় হাই কোর্ট তাকে জামিন দিলে অন্য দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপির অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করতেই ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার করা হয়েছে ফখরুলকে।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, বর্মানে প্রায় ২০ লাখ মামলা নিস্পত্তির অপেক্ষায় আছে। ফৌজদারি কার্যবিধি সংশোধন হচ্ছে। এটা হলে মামলা নিস্পত্তি আরো দ্রুততর হবে।
বর্তমান সরকারের সময় মোট ২০২টি আইন ও ২৩টি অধ্যাদেশ করা হয়েছে বলে আইন প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান।
