বিচারাধীন বিষয়ে অনুষ্ঠান নয়: দুই টেলিভিশনকে ট্রাইব্যুনাল
বিচারাধীন বিষয়ে প্রতিবেদন ও অনুষ্ঠান প্রচার না করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও এটিএন নিউজকে নির্দেশ দিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর আবেদনের নিস্পত্তি করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার এ বিষয়ে শুনানি করার পর বিচারপতি ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর নিস্পত্তি করে দেন।
গত সোমবার ট্রাইব্যুনালে জমা দেয়া ওই আবেদনে বলা হয়, সাঈদীর মামলাটি বিচারাধীন অবস্থায় থাকলেও ওই দুটি টেলিভিশন সম্প্রতি পিরোজপুরে গিয়ে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে প্রতিবেদন তৈরি করে প্রচার করেছে।
এর আগে সাঈদী মামলার কার্যক্রম নতুন করে শুরুর আবেদন করলে গত ৩ জানুয়ারি তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল।
তবে বিচার কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় থাকা এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক আবার শুনছেন ট্রাইব্যুনালের তিন বিচারক। রোববার প্রসিকিউশনের পক্ষে যুক্ত উপস্থাপন শুরু হয়েছে।
একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও ধর্মান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি ঘটনায় গত বছর ৩ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাঈদীর বিচার শুরু হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতাদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধেই সবার আগে অভিযোগ গঠন হয়। সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত বছরের ৭ ডিসেম্বর। তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনসহ মোট ২৮ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। এছাড়া তদন্ত কর্মকর্তার কাছে দেয়া ১৫ সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসাবে গ্রহণ করে। আসামিপক্ষে ১৭ জনের সাফাই সাক্ষ্য শেষ হয় গত ২৩ অক্টোবর।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। পরের বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের সাবেক ও বর্তমান আমিরসহ নয় শীর্ষ নেতা এবং বিএনপির দুই নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
