২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কমিশনের সামনেও বাধার মুখে শিক্ষকরা

জাতীয় মানবাধিকার কমিশনের সামনেও এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অনশনে বসতে বাধা দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 06:29 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

রোববার সকাল ১১টার দিকে শিক্ষক-কর্মচারীরা মগবাজারের জাতীয় মানবাধিকার কমিশনের সামনে অনশনে বসতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

আন্দোলনরত শিক্ষকদের জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তাদের আজাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বাধা দিলেও শিক্ষকরা কমিশনের সামনেই অবস্থান করছেন।

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানকে শিক্ষক নেতরা স্মারকলিপি দেবেন বলে জানান তিনি।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পরে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে অনশন করেন তারা।

এর আগে গত বৃহস্পতিবারও কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অনশনে বাধা দেয় পুলিশ। এর পরেও তারা সেখানে অনশনে বসলে পিপার স্প্রে (মরিচের গুড়া) করে সরিয়ে দেয় পুলিশ। তবে শিক্ষকরা আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে কয়েকশ শিক্ষক-কর্মচারী এমপিও দাবিতে আন্দোলন করছেন।

নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গত সোমবার থেকে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন শুর করেন।

বুধবার আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষক-কর্মচারীদের শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েক জন শিক্ষক আহত হন। এদের মধ্যে কয়েক শিক্ষককে জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষকদের উপর পুলিশি ‘হামলার’ প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা।

এর আগে গত মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের শিক্ষাভবন ঘেরাও কর্মসূচিতেও বাধা দেয় পুলিশ। ওইদিনও শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শিক্ষকরা জানান, স্বীকৃতিপ্রাপ্ত প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবিতে দীর্ঘ দিন থেকেই আন্দোলন করছিলেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরা। গত মে মাসে এ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকও হয়।

পরবর্তীতে ৫ সেপ্টেম্বর শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন তারা। ১ সেপ্টেম্বর তাদের আন্দোলনে কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আশ্বাস দেয়ার পর কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। যদিও ওই বৈঠক পরে স্থগিত করা হয়।

এরপর গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নিতে সরকারকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় সোমবার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।