২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন, যার বিরুদ্ধে ডাকাতি ও খুনের মামলা রয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 06:15 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

রোববার ভোরে উপজেলার নোয়াখালী বাঘঘোনা এলাকার ডাকাত দলের একটি আস্তানায় অভিযান চালালে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এ সময় তিন পুলিশ সদস্যও আহত হন।

নিহত আবদুল মালেক (৩০) ওই এলাকার হাজি ছব্বিরের ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সাম্প্রতিককালে টেকনাফ এলাকায় ডাকাতির প্রকোপ বেড়েছে। ডাকাতদের বিভিন্ন আস্তানায় অভিযানের অংশ হিসাবে ভোরে নোয়াখালী বাঘঘোনা এলাকায় ডাকাতদের একটি আস্তানায় অভিযান চালায় পুলিশ।

“এ সময় ১০/১৫ জনের একটি ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ৩৫/৪০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় ডাকাত মালেক গুলিবিদ্ধ হয়। পুলিশের তিন সদস্যও আহত হয়।”

মালেককে আটক করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৮টায় তার মৃত্যু হয়।

এএসপি জানান, বন্দুকযুদ্ধের পর অন্য ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি এলজি, দুটি রামদা, ১১টি তাজা কার্তুজ, দুটি বন্দুকের গুলি, সাতটি খালি খোসা, পাঁচটি মুখোশ, ২০ হাজার ৮০০ টাকা এবং ১২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, এ ঘটনায় আহত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুন্নাফ, সিপাহী নাজমুল, ও  মনসুরকে টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাত মালেকের বিরুদ্ধে খুন-ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।