ক্রেতা সেজে গয়নার দোকানে ডাকাতি
ক্রেতা সেজে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের ঘটনা ঘটেছে রাজধানীর পুরান ঢাকার এক গয়নার দোকানে।
শনিবার রাতে ইসলামপুর রহমতুল্লা মার্কেটের পোদ্দার জুয়েলার্সে এ ঘটনা ঘটে। তবে রোববার পযর্ন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে কয়েকজন যুবক ক্রেতার বেশে সুবল পোদ্দারের ওই গয়নার দোকানে যায়। এরপর তারা কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সোনা ও টাকা পয়সা নিয়ে চলে যায়।
দোকানের মালিক সুবল পোদ্দার পুলিশের কাছে দাবি করেছেন, ডাকাতরা অন্তত ৬০ ভরি সোনার গয়না ও বেশ কিছু টাকা নিয়ে যায়।
লুট হওয়া মালামালের পুরো হিসাব করে রোববার মালিকপক্ষ মামলা করবে বলে ওসি জানান।
