২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে নিহত দুই ভাইয়ের বাড়িতে শোকের মাতম

বাহারাইনে আগুনে চাঁদপুরের কচুয়া উপজেলার দুই ভাই মো. শাহাদাত হোসেন (৩২) ও মো. টিটু মিয়ার (২৬) নিহত হওয়ার সংবাদে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

তাদের বাড়ি উপজেলার ১১নম্বর দক্ষিণ গোহাট ইউনিয়নের নাওপুরা গ্রামে।

বাবার নামা মো. শাহ আলম।

শুক্রবার স্থানীয় সময় বিকালে বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুন লেগে ১০ বাংলাদেশিসহ ১৩ বিদেশি শ্রমিক নিহত হন।

নিহত অপর বাংলাদেশিরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালীর চরখিজিপুর এলাকার সগির আহমেদের ছেলে নাজির আহমেদ, পটিয়া উপজেলার বাতুয়া গ্রামের হাজি রশিদ আহমেদের ছেলে মাহবুব আলম, একই উপজেলার মারিপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে জামাল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোয়ালী গ্রামের নাছির মিয়ার ছেলে জসিম, একই উপজেলার কাইতলা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম ওরফে সবুজ এবং স্বপন, একই উপজেলার গৌরিগ্রামের আবুল বাশারের ছেলে আনোয়ার ও নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ওসমান গনি।

মানামার বাদশা হামাদ মেডিকেল হাসপাতাল থেকে বাংলাদেশ মিশন বেসরকারিভাবে এসব তথ্য সংগ্রহ করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে।

দক্ষিণ গোহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. আমির হোসেন জানান, প্রায় ৭ বছর আগে শাহাদাত হোসেন বাহারাইন যান। ৭ মাস আগে তার ছোট ভাই টিটুকেও সেখানে নিয়ে যান। ভয়াবহ অগ্নিকান্ডে বাহরাইনে এই দুই সহোদরের মৃত্যু হয়।

বাবা শাহ আলমের উদ্বৃতি দিয়ে ইউপি চেয়ারম্যান আরো বলেন, দুইদিন আগে বড় ছেলে শাহাদাত মোবাইল ফোনে বাবাকে বলেছিল, দু’মাস পরে সে বাড়িতে আসবে। নতুন ঘর করে সংসার করবে। সে স্বপ্ন আর পূরণ হলো না।

‘একথা বলেই শুধু আহাজারি করছেন শাহাদাতের বাবা।’

শাহ আলমের পাঁচ ছেলে। দুই ছেলে চাকরি করতেন বাহারাইনে। বাড়ির পাশে একটি মুদি দোকান রয়েছে শাহ আলমের।