ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর প্রায় শত জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার সকালেই টঙ্গী শহর এবং ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা যেন জনসমুদ্রে পরিণত হয়। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। টঙ্গীর তুরাগ তীর লাখ লাখ মুসল্লীর পদভারে মুখরিত হয়ে উঠেছে।
এদিন টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়।
রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। ইতোমধ্যে ইজতেমা ময়দান পূর্ণ হয়ে গেছে। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে অনেক মুসল্লী নিজ উদ্যোগেই প্যান্ডেলের বাইরে পলিথিন ও কাপড়ের সামিয়ানা টানিয়ে তাতেই অবস্থান নিয়েছেন।
রোববার হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্যায়। আগামি শুক্রবার শুরু হবে ইজতেমার তিন দিনব্যাপী দ্বিতীয় পর্যায়।
এবারও তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বীরা রেডিও-টিভিতে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচারের অনুমতি দেননি। ক্যামেরায় মুরুব্বীদের ছবি তোলাও বারণ করে দিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।
বিদেশী নিবাসের পূব পাশের বিশেষ মোনাজাত মঞ্চ থেকে রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়তি বয়ান।
এ বয়ান করবেন ভারতের মাওলানা সা’দ এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন সেদেশের প্রখ্যাত আলেম ও বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ স্থানীয় মুরুব্বি মাওলানা জোবায়েরুল হাসান। তিনি হলেন তাবলিগের সাবেক বিশ্ব আমির মাওলানা এনামুল হাসানের ছেলে।
যৌতুক বিহীন বিয়ে
শনিবার বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুক বিহীন বিয়ে। সম্পূর্ণ শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর ।
কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এসব বিয়ে। এজন্য সকাল থেকেই অভিভাবকরা হবু দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয় এবং মঞ্চের আশপাশের মুসল্লীদের মাঝে খোরমা-খেজুর ছুঁড়ে দেয়া হয়।
ইজতেমার প্রথম দফার ২য় দিন শনিবার আছর নামাজের পর ৯৮ জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন ইজতেমার মুরুব্বী গিয়াসইদ্দীন। বাদ আসর ভারতের মাওলানা জোবায়রুল হাসান এসব যৌতুকবিহীন বিয়ে পড়ান।
বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।
দ্বিতীয় দিনের বয়ান
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার মুসল্লীদের উদ্দেশ্যে বাদ ফজর ভারতের মাওলানা মো. শওকত ও বাদ জোহর মাওলানা মিয়াজী আজমত ও বাদ আসর ভারতের জোবায়রুল হাসান বয়ান করেন। আসরের নামাজের পর শুরু হয় যৌতুকবিহীন বিয়ে।
বাদ মাগরিব ভারতের আহম্মেদ লাট বয়ান করবেন বলে জানান বিশ্ব ইজতেমার জিম্মাদার মো. গিয়াস উদ্দিন।
এসব বয়ানে বলা হয়, দুনিয়ার জিন্দেগী ক্ষণস্থায়ী, যতক্ষণ পর্যন্ত মানুষের দিল থেকে আসবাবের (সম্পদের) এক্বিন বের না হবে ততক্ষণ পর্যন্ত তার দিলে কুদরতি এক্বিন পয়দা হবে না। সবাইকে দ্বীনের জন্য মেহনত করতে হবে। আল্লাহর কাছে আমল ছাড়া এ দুনিয়ার জিন্দেগীর কোন মূল্য নেই।
সাংবাদিকদের উপর নজরদারি
ইজতেমার খবর ও ছবি নিতে এসে সাংবাদিকরা অনেকেই মুসল্লীদের বাঁধার মুখে পড়েন। কারণ ইজতেমার মাঠে মুসল্লীদের ছবি ওঠানোর ক্ষেত্রে মুরুব্বীদের নিষেধাজ্ঞা রয়েছে।
শুধু তাই নয় কারো সাথে ক্যামেরা থাকলে তাদেরকে কৌশলে ইজতেমাস্থলে বসিয়ে রাখা হয় বা তাদের ক্যামেরাটি নিয়ে নেয়া হয়। এছাড়া ইজতেমা সংক্রান্ত কোন তথ্য দিতেও অনেকটা নারাজ তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ইজতেমার আয়োজক কমিটির এক মুরুব্বী বলেন, গণমাধ্যমে ইজতেমার বয়ান সম্প্রচার হলে এর প্রতি মানুষের আগ্রহ কমে যাবে। ফলে তাবলিগের আসল উদ্দেশ্য হাসিল হবে না।
তাশকিলের কামরায় চিল্লাভুক্ত মুসল্লী
ইজতেমার প্যান্ডেলের উত্তর-পশ্চিমে তাশকিলের কামরা স্থাপন করা হয়েছে। বিভিন্ন খিত্তা থেকে বিভিন্ন মেয়াদে চিল্লায় অংশগ্রহণেচ্ছু মুসল্লীদের এ কামরায় এনে তালিকাভুক্ত করা হচ্ছে। পরে কাকরাইলের মসজিদের তাবলিগী মুরুব্বীদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ি এলাকা ভাগ করে তাদের দেশের বিভিন্ন এলাকায় তাবলিগ জামাতের কাজে পাঠনো হবে।
আরো মুসল্লীর মৃত্যু
ইজতেমা ময়দানে শুক্রবার রাত ৯টার দিকে বার্ধক্যজনিত রোগে নরসিংদীর রায়পুরা থানার বড়চর এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে মো. সামশুল হক (৬০) মারা গেছেন। মাসলেহাল জামাতের জিম্মাদার আদম আলী এ তথ্য জানিয়েছেন।
টঙ্গী হাসপাতালে চিকিৎসা
টঙ্গী হাসপাতাল ও গাজীপুর সিভিল সার্জন নিয়ন্ত্রাধীণ বিনামূল্যের চিকিৎসা কেন্দ্রে গত তিনদিনে (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৫হাজার ২৪জন চিকিৎসা নিয়েছেন। টঙ্গী হাসপাতালে ৪৯ জন মুসল্লীকে ভর্তি ও ১২ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়।
গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্লাহ জানান, এসব মুসল্লীর অধিকাংশই হৃদরোগ, অ্যাজমা, পেটের পীড়া, শীতজনিত রোগে ভুগছেন। এছাড়া ইজতেমাস্থলের আশপাশে স্থাপিত বিভিন্ন বিনামূল্যের চিকিৎসা কেন্দ্রে কয়েক হাজার মুসল্লী প্রাথমিক চিকিৎসা নেন।
ভ্রাম্যমাণ আদালত
ইজতেমার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গত তিন দিনে (শনিবার দুপুর পর্যন্ত) ভ্রাম্যমাণ আদালত বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ দন্ডবিধিতে মোট ৩৭টি মামলা ও এক লাখ ৭৯হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেছে।
জেলা প্রশাসনের কন্ট্রোলরুমে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার এ তথ্য জানিয়েছেন।
বিশেষ ট্রেন
টঙ্গী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আবু তাহের জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ১৪টি বিশেষ ট্রেন চালুর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করবে।
পকেটমার-ছিনতাইকারী গ্রেপ্তার
শুক্রবার রাত ও শনিবার দুপুর পর্যন্ত ইজতেমাস্থলের আশপাশে অভিযান চালিয়ে পুলিশ ও র্যাবের টহল দল ১৮ ছিনতাইকারী ও পকেটমারকে গ্রেপ্তার করেছে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয় বলে জানিয়েছেন টঙ্গী থানার উপ-পরিদর্শক মালেকা বানু।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম বলেন, “বিশ্ব ইজতেমা সফলভাবে এগিয়ে চলছে। আশা করছি, আল্লাহর রহমতে আখেরি মোনাজাত নির্বিঘ্নেই সম্পন্ন হবে। আমরা সরকারি সব নির্দেশনা পালন করে যাচ্ছি।
“মুসুল্লীদের চাহিদা মোতাবেক সব রকম ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছি। এখানে আসা সাধারন মুসল্লিরা খুবই সহমর্মিতা ও ধৈর্যে্যর পরিচয় দেন। তাই ইজতেমায় সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয়।”
মোনাজাতের দিন চলবে শাটল বাস
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত টঙ্গী কলেজ গেইট থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারন যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে আখেরি মোনাজাতের দিন রোববার সকাল থেকে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসল্লীদের সুবিধার্থে ৫০টি বিআরটিসি বাস ও ব্যক্তি মালিকানাধীন ৫০টি (ইজতেমার স্টিকার লাগানো) শাটল বাস চলাচল করবে।
