২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গুড়ায় সর্বদলীয় সন্ত্রাস বিরোধী সমাবেশ

চাঁদাবাজ ও চরমপন্থীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সর্বদলীয় সন্ত্রাস বিরোধী সমাবেশ হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 12:03 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

শুক্রবার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম খেলার মাঠে এই সমাবেশে এলাকাবাসীর মধ্যে এক হাজার বাঁশের লাঠি বিতরণ করা হয়।

পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সন্ত্রাস বিরোধী আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মধু সবার হাতে লাঠি তুলে দেন।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু বক্কারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিলআহ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মধু, ইউনিয়ন বিএনপি সভাপতি  আবুল হোসেন, সমাজসেবক আব্দুর রাজ্জাক, প্রভাষক কোরবান আলী, প্রভাষক রনজু, আসলাম আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, হাটগ্রাম, মধুরগাতি, কালিকাদহ, ভেড়ামারাসহ আশপাশের মানুষ সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। সন্ত্রাসীদের চাঁদা না দিলে জমির ফসল, পুকুরের মাছ, গোয়ালের গরু লুট করে নিয়ে যায়।

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য তারা পার-ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আন্দোলনে নেমেছেন বলে জানান।

সমাবেশে বক্তারা বাঁশের লাঠি ছাড়াও ঘরে হাসুয়া ও বাঁশি রাখার পরামর্শ দেন।

পরে লাঠি ও বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে কয়েকশ’ এলাকাবাসী সন্ত্রাস বিরোধী মিছিল করেন।