২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগতীরে বিশ্ব ইজতেমা শুরু

টঙ্গীর তুরাগতীরে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। এবারো ইজতেমা হচ্ছে দুই পর্যায়ে।

আবুল হোসেন

গাজীপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 03:50 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

কনকনে শীত উপেক্ষা করে দেশ-বিদেশের লাখো মুসল্লি এরই মধ্যে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন। শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা মো. জামিলের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্যায় শেষ হবে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন ৩২টি জেলার মুসল্লিরা।

চার দিন বিরতি দিয়ে ১৮ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্যায়। এতে আরো ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন। ২০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এই সম্মিলন।

১৯৪৬ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়ে আসছে। শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে। এরপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা হয়।

ইজতেমায় মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। এরপর থেকে এখানেই ইজতেমা হচ্ছে।

এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্যায় শুরুর দিন শুক্রবার দুপুরে আদায় করা হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিদের স্রোত এখন টঙ্গীমুখো। ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেটকার, ট্যাক্সি, স্কুটার, নৌকা ও পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা মাঠে আসছেন।

প্রস্তুতি

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির অন্যতম সদস্য (মুরুব্বী) মো. গিয়াস উদ্দিন জানান, ১৬০ একরের ময়দানজুড়ে চটের সামিয়ানা টানানো হয়েছে। সাধারণ মুসল্লিদের রান্না-বান্নার স্থায়ী ব্যবস্থা গ্রহণ সম্ভব না হলেও মাঠের পশ্চিম-উত্তর কোনায় টিন শেডের আবাসনে বিদেশি মুসল্লীদের রান্নার জন্য গ্যাসসহ বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ এবং আধুনিক সুবিধা রয়েছে।

“এ বছর ৩০-৪০টি দেশ থেকে প্রায় ৩০ হাজারেরও বেশি বিদেশি মুসুল্লি ইজতেমায় যোগ দেবেন বলে আশা করছি।”

এ বছর মাঠে জেলাওয়ারি মুসল্লিদের অবস্থানের জন্য পুরো ময়দানকে প্রথম দফায় ৪০টি এবং দ্বিতীয় দফায় ৩৯টি খিত্তায় (স্থান) ভাগ করা হয়েছে। জেলাভিত্তিক জামাতবদ্ধ মুসল্লিরা এসব নির্ধারিত খিত্তায় এসে অবস্থান নিয়েছেন।

ইজতেমা মাঠরে পাশে তুরাগ নদের ওপর ভাসমান সেতু স্থাপন কাজের তদারকির দায়িত্বপ্রাপ্ত মেজর মো. এমরান ইসলাম ভূঁইয়া জানান, নদী পারাপারের জন্য তুরাগের ওপর আটটি স্থানে সেতু বসানো হয়েছে।

প্রথম দফায় যেসব জেলা

প্রথম পর্বের জন্য পুরো ময়দানকে ৪০টি খিত্তায় ভাগ করা হয়েছে। এর মধ্যে ১ ও ২ নম্বর খিত্তায় গাজীপুর, ৩-১২ নম্বর খিত্তায় ঢাকা জেলা, ১৩ নম্বর খিত্তায় সিরাজগঞ্জ, ১৪ নম্বর খিত্তায় নরসিংদী, ১৫ নম্বর খিত্তায় ফরিদপুর, ১৬ নম্বর খিত্তায় রাজবাড়ি, ১৭  নম্বর খিত্তায় শরীয়তপুর, ১৮ নম্বর খিত্তায় কিশোরগঞ্জ, ১৯ নম্বর খিত্তায় রংপুর, ২০ নম্বর খিত্তায় নাটোর, ২১ নম্বর খিত্তায় শেরপুর, ২২ নম্বর খিত্তায় রাজশাহী, ২৩ নম্বর খিত্তায় গাইবান্ধা, ২৪ নম্বর খিত্তায় জয়পুরহাট, ২৫ নম্বর খিত্তায় লালমনিরহাট, ২৬ নম্বর খিত্তায় হবিগঞ্জ, ২৭ নম্বর খিত্তায় দিনাজপুর, ২৮ নম্বর খিত্তায় সিলেট, ২৯ নম্বর খিত্তায়  চাঁদপুর, ৩০ নম্বর খিত্তায় ফেনী, ৩১ নম্বর খিত্তায় চট্টগ্রাম, ৩২ নম্বর খিত্তায় বান্দরবান, খাড়াছড়ি ও রাঙ্গামাটি, ৩৩ নম্বর খিত্তায় বাগেরহাট, ৩৪ নম্বর খিত্তায় কুষ্টিয়া, ৩৫ নম্বর খিত্তায় নড়াইল, ৩৬ নম্বর খিত্তায় চুয়াডাঙ্গা, ৩৭ নম্বর খিত্তায় যশোর, ৩৮ নম্বর খিত্তায় ভোলা, ৩৯ নম্বর খিত্তায় বরগুনা এবং ৪০ নম্বর খিত্তায় ঝালকাঠি জেলার মুসুল্লীরা অবস্থান করছেন।

জোরালো নিরাপত্তা

ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠের চারদিকে পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদুল আলম জানান, তাদের সদস্যরা ৪টি সেক্টরে ভাগ হয়ে ইজতেমা ময়দান ও আশপাশে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থানে থাকছে বেশ কিছু সিসিটিভি, ৯টি ওয়াচ টাওয়ার, নৌ-টহল, চেকপোস্ট ও বোমা নিষ্ক্রিয়করণ দল। 

দুই পর্যায়ের ইজতেমার মূল ৬দিন এই বাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছে। খিত্তায় খিত্তায় মোতায়েন রয়েছে সাদা পোষাকে র‌্যাব সদস্যরা।

র‌্যাবের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং সিসিটিভির মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল ।

জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় ৫টি সেক্টরে বিভক্ত হয়ে পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিশুদ্ধ খাবার,  ভ্রাম্যমাণ আদালত

বুধবার থেকে ইজতেমা স্থলের আশপাশের খাবারের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে বলে জানান গাজীপুর সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. এ টি এম তৌহিদুজ্জামান।

তিনি বলেন, শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম ভূঁইয়া ও কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউর রহমানের নেতৃত্বে পরিচালিত ২টি ভ্রাম্যমাণ আদালত বুধবার ৯টি খাবার দোকানকে ৫৭ হাজার ৫০০টাকা জরিমানা করে।

এভাবে আগামী ২০ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন দুটি করে মোট ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

গাজীপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তফা জানান, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতে সব পদক্ষেপ নেয়া হয়েছে। ওজু-গোসলের হাউজ ও টয়লেটসহ প্রয়োজনীয় স্থানে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। 

১৩টি বহুতলীয় পাকা দালানে প্রায় ২ হাজার ৮৩৪টি টয়লেট রয়েছে। মুসল্লিদের ওজু-গোসল ও পান করার জন্য প্রতিদিন ১২টি গভীর নলকুপ থেকে ৭৮ লাখ গ্যালন বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

এছাড়া টঙ্গী পৌরসভা ও ওয়াশার ব্যবস্থাপনায় প্রতিদিন পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে বলে জানান প্রকৌশলী মোস্তফা। 

স্বাস্থ্যসেবা

মুসুল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে মন্নু গেট, এটলাস গেট, বাটা কারাখানার গেট ও টঙ্গী হাসপাতাল মাঠসহ ৬টি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানান গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্যাহ।

তিনি বলেন, টঙ্গী হাসপাতালে ৫০টি বেড বাড়ানো হয়েছে। এখানে হৃদরোগ, অ্যাজমা, ট্রমা, বার্ণ, চক্ষু এবং ওআরটি কর্ণারসহ বিভিন্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দেবেন।

রোগীদের হাসপাতালে নেয়ার জন্য সার্বক্ষণিক ১৪টি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকছে। এছাড়া ৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারিদের ছুটি স্থগিত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ

ডেসকোর ব্যবস্থাপক (টঙ্গী-পশ্চিম) আশফাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইজতেমা ময়দানে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সব প্রস্তুতি রয়েছে। উত্তরা, টঙ্গী সুপার গ্রিড ও টঙ্গী নিউ গ্রিডকে মূল ১৩২ কেভি সোর্স হিসেবে নির্বাচন করা হবে, যাতে যে কোন একটি গ্রিড অকেজো হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বিঘিœত না হয়।

৮ জানুয়ারি থেকে ইজতেমা এলাকায় ৬টি স্ট্যান্ডবাই জেনারেটর এবং ৫টি ট্রলি-মাউন্টেড ট্রান্সফরমারও থাকবে। ইজতেমা এলাকায় ৫টি অস্থায়ী বিদ্যুৎ ক্যাম্প স্থাপন করা হবে। এসব ক্যাম্পে অন্তত ২০০ কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

গ্যাস বিতরণ

বিদেশি মুসল্লিদের তাঁবুতে রান্নার জন্য পর্যাপ্ত সংখ্যক গ্যাসের চুলা স্থাপন করা হয়েছে। গত বছরের চেয়ে গ্যাসের চাপ বাড়ানোর লক্ষ্যে ৫০ পাউন্ডের স্থলে এবার ১৪০ পাউন্ড চাপের লাইন থেকে গ্যাস বিতরণ করা হবে বলে জানান তিতাস গ্যাস টঙ্গীর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক প্রকৌশলী মো. সেলিম।

গাড়ি পার্কিং

১১ থেকে ১৩ জানুয়ারি ও ১৮ থেকে ২০ জানুয়ারি ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা এবং ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ধউড় সেতু থেকে আব্দুল্লাহপুর হয়ে প্রগতি সরণী এবং টঙ্গী সেতু থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ঘোড়াশাল থেকে পুবাইল-কালীগঞ্জ হয়ে আসা যানবাহন টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্বে মরকুন (কে-২) পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী যানবাহন কাচপুর/যাত্রাবাড়ি সড়ক ব্যবহার করবে।

ইজতেমায় গমনেচ্ছু মুসল্লি, উত্তরাবাসী, বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব যানবাহনের চালকদের বিমান বন্দর সড়কের পরিবর্তে মিরপুর-সাভার সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

ঢাকা মহানগরের যে সব মুসল্লি পায়ে হেঁটে ইজতেমায় যাবেন তাদের শাহজালাল বিমানবন্দর গোলচত্বর আজমপুর-আব্দুল্লাহপুর হয়ে টঙ্গীসেতু দিয়ে না গিয়ে তুরাগ নদীর ওপর নির্মিত ভাসমান সেতু অথবা কামারপাড়া সেতু ব্যবহার করতে হবে।

বিভিন্ন এলাকার যানবাহনের জন্য পৃথক স্থান পার্কিং এর জন্য নির্দিষ্ট করা হয়েছে।

ঢাকা মহানগরীর গাড়ির জন্য নিকুঞ্জ-১ আবাসিক এলাকার খালি জায়গা, উত্তরা ৬ নম্বর সেক্টর ও রাজউক কলেজের আশেপাশের খালি জায়গা নির্দিষ্ট করা হয়েছে।

সিলেট বিভাগের গাড়ি উত্তরা ১২ নম্বর সেক্টর, বরিশাল বিভাগ ধউড় সেতু ক্রসিং সংলগ্ন এলাকা, ঢাকা বিভাগ সোনারগাঁও সড়ক ও জনপথ সড়কের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, খুলনা বিভাগ উত্তরা ১০ ও ১১ নম্বর সেক্টর সড়কের দুপাশে, রাজশাহী ও রংপুর বিভাগ হাউজিং মাঠ, চট্টগ্রাম বিভাগ উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউছুল আজম ও গরীবে নেওয়াজ রোডের দুপাশে এবং বরিশাল ও খুলনা বিভাগ উত্তরা ১৮  নম্বর সেক্টরের খালি জায়গায়, রাজশাহী বিভাগের গাড়ি কামারপাড়া হাউজিং মাঠ ও ১০ নম্বর সেক্টরের খালি জায়গায় পার্কিং করবে।

মুসুল্লিদের জন্য ২০০ বাস

গাজীপুরের জেলা প্রশাসক আব্দুল বাতেন জানান,  বিশ্ব ইজতেমার দুই পর্বের আখেরি মোনাজাতের দিন গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত (ঢাকা-ময়মনসিংহ সড়ক) ২০০টি বাস চলাচল করবে মুসুল্লিদের যাতায়াতের সুবিধার জন্য।

মুসুল্লিদের যে কোন প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ৯৮১৩৪০১-২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

দুই মুসল্লির মৃত্যু

মাসলেহাল জামাতের সদস্য আদম আলী জানান, বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই মুসল্লি মারা গেছেন।

তারা হলেন- কিশোরগঞ্জের নিকলী থানার পষা গ্রামের আব্দুল হামিদ (৭৫) ও চট্টগ্রামের হাটহাজারী থানার ঘরদুয়ারা গ্রামের আব্দুল মোতালেব (৬০)।

এছাড়া মরক্কোর নাগরিক মোসলেম লাখাদ (৬৫) বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি হন।