ধর্মঘটের মধ্যে চাঁদপুরে সীমিত আকারে লঞ্চ চলছে
নৌ শ্রমিকদের একটি সংগঠনের ধর্মঘটের মধ্যে চাঁদপুরে সীমিত আকারে লঞ্চ চলাচল করছে।
বৃহস্পতিবার চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি ঈগল নামের দুইটি লঞ্চ ছেড়ে গেছে এবং ঢাকা থেকে সোনারতরী নামের একটি লঞ্চ চাঁদপুরে আসে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, নৌ শ্রমিকদের ডাকা ধর্মঘটের মধ্যে অনেকে নিজেদের ইচ্ছায় লঞ্চ চালাচ্ছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় তা অনেক কম।
চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বলেন, ধর্মঘটের কারণে লঞ্চঘাটে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। শ্রমিক পক্ষের একটি অংশের ইচ্ছানুযায়ী কয়েকটি লঞ্চ চলাচল করছে।
শ্রমিকদের একটি অংশ ধর্মঘটের সমর্থনে নৌ যান চলাচল বন্ধ রেখেছে বলে জানান তিনি।
মজুরি কাঠামো পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার রাত থেকে এ ধর্মঘট শুরু হয়।
সর্বনিম্ন বেতন স্কেল পাঁচ হাজার টাকা করাসহ শ্রমিকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে নৌপথের নিরাপত্তা ও নাব্য বাড়ানো এবং ‘মেরিন কোর্টের হয়রানি’ বন্ধ করা।
