২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়া গমনেচ্ছুদের নিবন্ধন ইউপি কার্যালয়ে

চাকরি নিয়ে মালয়শিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিরা আগামী ১৩ জানুয়ারি থেকে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 12:39 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

আগ্রহীরা নিজ ইউনিয়ন পরিষদ থেকেই এই নিবন্ধন করতে পারবেন। আগামী ১৩ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত এই নিবন্ধন চলবে।

বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী মোশাররফ বলেন, ঢাকা ও বরিশাল বিভাগে ১৩ থেকে ১৫ জানুয়ারি, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ জানুয়ারি এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি নিবন্ধন করা যাবে।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইম ইসলাম মুক্তা জানান, আগ্রহীদের নির্দিষ্ট দিন নিজের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে নিবন্ধন করতে হবে। নিবন্ধন বাবদ দিতে হবে ৫০ টাকা।

এরপর ইউনিয়ন কোটাভিত্তিক লটারির মাধ্যমে সারা দেশ থেকে ৩৪ হাজার পাচশ’ জনকে নির্বাচন করা হবে বলে জানান তিনি।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, নির্বাচিতদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে মাত্র ৪০ হাজার টাকায় মালয়শিয়া পাঠানো হবে।

তবে নির্বাচিতদের মধ্য থেকে প্রথম ধাপে মালয়শিয়ার চাহিদা অনুযায়ী ১০ হাজার শ্রমিক পাঠানো হবে। পরে ধাপে ধাপে অন্যদের পাঠানো হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমারা আশা করছি ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মালয়শিয়ায় প্রথম ফ্লাইট পাঠাতে পারবো।”

এর আওতায় নারী শ্রমিক পাঠানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “দুর্গম পাহাড়ি এলাকায় কাজ করতে হবে এবং অনেক সময় পাম গাছে উঠতে হবে বলে আমরা নারীদের উৎসাহী করছি না।”