চাকরিতে ঢোকার বয়স বাড়াতে সড়ক অবরোধ
সরকারি চাকরিতে ঢোকার বয়স বাড়াতে রাজধানীর শাহবাগ মোড়ে শনিবার দুপুরে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের একদল শিক্ষার্থী।
সরকারি চাকরিতে ঢোকার বয়স বাড়াতে রাজধানীর শাহবাগ মোড়ে শনিবার দুপুরে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের একদল শিক্ষার্থী।
চাকরিতে ঢোকার বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে অবরোধের আগে জাতীয় জাদুঘরের সামনে দুই ঘণ্টা মানবন্ধনও করে বিক্ষোভকারীরা।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধের পর সরকারকে সাত দিনের মধ্যে দাবি পূরণের সময় দিয়ে কর্মসূচি শেষ হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় অবরোধকারীরা বাধা দিলে দুই দলের ছাত্রের মধ্যে ধাক্কাধাক্কিও হয়।
অবরোধের কারণে শাহবাগ এলাকার বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।
পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ইশতিয়াক হোসেন বলেন, ৩৪তম বিসিএস পরীক্ষার আগে তাদের দাবি মানা না হলে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধ করে দেয়া হবে।
পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ইশতিয়াক হোসেন তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরুতেই ২৭/২৮ বছর লেগে যায়।
“ফলে সরকারি চাকরির প্রস্তুতির জন্য মাত্র দুই থেকে তিন বছর হাতে পাওয়া যায়, যা যথেষ্ট নয়। তাই বয়সসীমা বাড়ানো প্রয়োজন।”
পরিষদের সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. আল আমীন রাজু বলেন, “যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে যেখানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ সেখানে আমাদের মাত্র ৩০, যা বর্ধিত করতে হবে।”
২০১১ সালের ডিসেম্বরে সরকারি চাকরিজীবীদের অবসরে যাওয়ার বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৭ থেকে ৫৯ করা হয়।
এই তথ্য জানিয়ে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম সুমন বলেন, “তাহলে চাকরিতে প্রবেশের বয়সসীমা কেন বাড়ানো হবে না?”
চাকরিতে ঢোকার বয়স বাড়াতে সাধারণ ছাত্র পরিষদের ডাকে ঢাকার বাইরেও নানা ধরনের কর্মসূচি চলছে।
