‘বিচার বানচালের চেষ্টা? মোটেই না’
কথিত স্কাইপ কথোপকথন নিয়ে বিতর্কের জের ধরে গত ডিসেম্বরের শুরুর দিকে এর চেয়ারম্যানের পদত্যাগের পর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বেলজিয়াম প্রবাসী বাংলদেশি আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে সেই কথিত কথোপকথনের শ্রুতিলিখন ধারাবাহিকভাবে প্রকাশ করে বিএনপিপন্থী দৈনিক আমার দেশ। ১১ ডিসেম্বর পদত্যাগ করেন বিচারপতি নিজামুল হক নাসিম।
এর আগেই ৬ ডিসেম্বর এক আদেশে বিচারপতি নিজামুল হক একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের সঙ্গে যোগযোগের কথা স্বীকার করেন।
তিনি জানান, লন্ডনভিত্তিক সাময়িকি ইকনোমিস্ট থেকে তাকে ফোন করে বলা হয়, স্কাইপের মাধ্যমে তাদের ১৭ ঘণ্টা কথোপকথন ও ২৩০টি ই মেইল তাদের হাতে রয়েছে।
ওই আদেশে নিজামুল হক বলেন, তার স্কাইপ ও জিমেইল অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে, কয়েকদিন আগে তিনি তা বুঝতে পেরেছেন। ইকনোমিস্ট যে কথোপকথন পাওয়ার দাবি করেছে, তা প্রকাশের ওপর নিষেধাজ্ঞাও দেয়া হয় আদেশে।
কিন্তু এর তিন দিনের মাথায় ৯ ডিসেম্বর থেকে কথিত সেই কথোপকথন ও তার ভিত্তিতে প্রতিবেদন ছাপতে শুরু করে আমার দেশ, যা ১৩ ডিসেম্বর পর্যন্ত চলে।
নিজামুল হকের পদত্যাগের পর দ্বিতীয় ট্রাইব্যুনাল থেকে প্রথম ট্রাইব্যুনালের চেয়ারম্যান করে নিয়ে আসা হয় বিচারপতি ফজলে কবীরকে। গত বছর মার্চে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের আগ তিনি প্রথধম ট্রাইব্যুনালেই ছিলেন।
ট্রাইব্যুলারের আরেক বিচারক এ কে এম জহির আহমেদ এর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। তার জায়গায় বিচারপতি জাহাঙ্গীর হোসেন ট্রাইব্যুনালে আসেন।
বিচারপতি ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ যে চারটি মামলার কাজ চলছে, তার মধ্যে তিনটিরই আসামি জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা।
এর মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে পাঁচটি, বর্তমান আমির মতিউর রহমান নিজামীকে ১৬টি ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে একাত্তরের ২০টি মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযুক্ত করেছে ট্রাইব্যুনাল।
গত বছর ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসাবে ট্রাইব্যুনালে অভিযুক্ত হন সাঈদী; তার মামলার কার্যক্রম একেবারেই শেষ পর্যায়ে। অন্য দুই জামায়াত নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।
দ্বিতীয় ট্রাইব্যুনালে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও দুজন সহকারী সেক্রেটারি জেনারেলের যুদ্ধাপরাধের বিচার চলছে। এছাড়া জামায়াতের পৃষ্ঠপোষক ও দিগন্ত মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মীর কাশেম আলীসহ আরো তিন নেতার বিরুদ্ধে তদন্ত চলছে।
যিনি এই জামায়াত নেতাদের হয়ে মামলা পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন, সেই আব্দুর রাজ্জাকও দলের একজন সহকারী সেক্রেটারি জেনারেল।
ট্রাইব্যুনাল শীর্ষ তিন জামায়াত নেতার পুনর্বিচারের আবেদন খারিজ করে দেয়ার দুই দিন আগে, ১ জানুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তানিম আহমেদের সঙ্গে বেশ কিছু বিষয়ে খোলামেলা কথা বলেন জামায়াত নেতাদের এই আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনি কখনো বিচারপতি নিজামুল হককে ইমেইল পাঠিয়েছেন?
রাজ্জাক: না। প্রশ্নই ওঠে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: তাহলে আপনি কীভাবে তার ইমেইল অ্যাকাউন্ট সম্পর্কে নিশ্চিত হলেন?
রাজ্জাক: আমি যেটুকু জানি, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। বিষয়গুলো পাবলিক ডোমেইনে এসেছে। প্রথমে ইকোনোমিস্ট, তারপর আমার দেশে এটা প্রকাশিত হয়েছে। আর এখন এটা ইউটিউবসহ বিভিন্ন ওয়েবসাইটে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ওই স্কাইপ কথোপকথন আসল কি না, সেটাও তো আপনার নিশ্চিতভাবে জানার কথা নয়।
রাজ্জাক: দেখেন, গত তিন সপ্তাহ ধরে এগুলো পাবলিক ডোমেইনে আছে। বিচারপতি নিজামুল হকসহ ২৩ জনের নাম এতে এসেছে। তাদের কেউ এটা অস্বীকার করেননি। আমরা একটি আবেদন করেছি এবং সরকারের পক্ষ থেকে তার জবাব দেয়া হয়েছে। কিন্তু তারাও বিষয়টি অস্বীকার করেনি। কোনো মন্ত্রী বা কোনো বিচারপতি এটা অস্বীকার করেননি, কেউ না।
যেহেতু কেউ অস্বীকার করেনি, তাই সংবাদপত্রে যা এসেছে তা সত্যি বলে ধরে নিতে হবে। আর আপনার এটাও মাথায় রাখতে হবে যে ইকনোমিস্ট একটি স্বনামধন্য পত্রিকা, প্রায় ২০০ বছরের পুরনো। তারাও এটা প্রকাশ করেছে। তারপর ওয়ালস্ট্রিট জার্নাল আর ফরেন পলিসিও কিছু অংশ প্রকাশ ও উদ্ধৃত করেছে।
যে দুজন ওই কথোপকথনের বিষয়টি অস্বীকার করতে পারতেন, তাদের একজন হলেন বিচারপতি হক ও অন্যজন আহমেদ জিয়াউদ্দীন। কিন্তু তাদের কেউ তা করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ওই কথোপকথন সত্য নয়-এমন বক্তব্য খণ্ডন করার ক্ষেত্রে তাহলে কী আপনাদের এই একটাই যুক্তি যে, এটা কেউ অস্বীকার করেনি। আদালতেও বেশ কয়েকবার আপনি এ যুক্তি তুলে ধরেছেন।
রাজ্জাক: এটা শুধু আমার কথা না, সবাই এটা স্বীকার করবে। আমি যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনি, তাহলে তার প্রথম প্রতিক্রিয়া হওয়ার কথা এরকম- ‘আহ! রাজ্জাক সাহেব, আপনি সত্য বলছেন না’।”
আপনি নিশ্চিই ইকনোমিস্টের নিবন্ধটি দেখেছেন। আমি মনে করি, এটা সঠিক। আমরা ওই কথোপকথনের ভগ্নাংশ মাত্র শুনেছি। শুধু ১৭ ঘণ্টার কথোপকথন আর ২৩০টি ইমেইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: স্কাইপ কথোপকথনের নামে যা প্রকাশিত হয়েছে- তার পুরোটাই আসলে বানানো, বা জায়গায় জায়গায় সম্পাদিত বা যা আলাপ হয়েছে তা ঠিকভাবে ছাপা হয়নি- এমন কথার জবাবেও কি আপনি ওই একই যুক্তি দেবেন যে- কেউ এটা অস্বীকার করেনি, মিথ্যা বললে কেউ না কেউ অবশ্যই করত?
রাজ্জাক: হ্যাঁ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: কেবল আমার দেশ না, আরো কিছু কাগজে ওই কথিত কথোপকথন প্রকাশ করা হয়েছে। আপনার মত হচ্ছে, এগুলো বানানো বা আংশিক না বলেই ধরে নিতে হবে।
রাজ্জাক: ধরে নেয়ার কোনো বিষয় এখানে আসছে না। এটা একেবারে প্রতিষ্ঠিত। পশ্চিমা গণমাধ্যমের কোনোটি যদি ভুলভাবে প্রকাশ করত, তাহলে মামলা হয়ে যেত। ইউরোপ বা আমেরিকায় মানহানির মামলা অনেক কড়া। এটা (স্কাইপ কথপোকথন) যে পুরোপুরি সঠিক, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
তাছাড়া বিচারপতি হক ৬ ডিসেম্বর তার আদেশে নিজেও স্বীকার করেছেন যে, তিনি জিয়াউদ্দীনের সঙ্গে কথা বলেছেন। বিচারপতির প্রতি শ্রদ্ধা রেখেই আমি আরেকটা বিষয় বলতে চাই, ইকনোমিস্ট প্রসঙ্গে তিনি নিজের বক্তব্যে স্থির ছিলেন না। একবার তিনি বলেন, “আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি। এমনকি স্ত্রীর সঙ্গেও আমরা আলোচনা করি না।” আর পরের দিন তিনি বলেন, “তার (জিয়াউদ্দীন) সঙ্গে আইন নিয়ে কথা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ধরুন, আমি একটি প্রতিবেদন লিখলাম এবং আমার সম্পাদককে পাঠালাম। তিনি সম্পাদনা করে আবার ফেরত পাঠালেন। সম্পাদকের পাঠানো প্রতিবেদনটিই ওয়েবসাইটে প্রকাশ হবে। এখন আমার সম্পাদকের মেইলটি যদি কারো হাতে যায় এবং বলা হয় যে সেখান থেকে প্রতিবেদনটি এসেছে এবং সম্পাদকিই প্রতিবেদনটি লিখেছেন- তা তো ঠিক হবে না। পুরো আদান প্রদানের বিষয়টি না থাকলে বিষয়টি ঠিকমতো উপস্থাপন করা হয় না।
রাজ্জাক: আপনি যে তুলনা দিচ্ছেন তা বিচারপতি হকের ঘটনার সঙ্গে একেবারেই যায় না। তিনি বাইরের একজনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি এটা করতে পারেন দুটি উপায়ে। তিনি বলতে পারতেন যে, ড. জিয়াউদ্দীন একজন অ্যামিকাস কিউরি। তাতে আমাদের কোনো আপত্তি থাকত না। অথবা তাকে ট্রাইব্যুনাল সহযোগী হিসেবে নিয়োগ দিতে পারতেন। সেখানে তার নাম থাকত। প্রসিকিউশন ও ডিফেন্স জানতে পারত যে এই ব্যক্তি কে।
আপনি প্রতিবেদন নিয়ে যে তুলনা দিলেন তা এখানে খাটে না। কারণ সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হিসেবে গোপনে কোনো কিছু করতে পারেন না। তিনি শপথ নিয়েছেন। এ কারণে কোনো আইনজীবীও তার পক্ষে দাঁড়ায়নি। তিনি যা করেছেন তা সংবিধান, আইন ও শপথের লঙ্ঘন।
অ্যাটর্নি জেনারেল বলতে চেয়েছেন, বিচারপতি মূলত বাইরের একজনের কাছ থেকে সহযোগিতা নিয়ে থাকতে পারেন।কিন্তু সেটাও ঠিক না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: কেন ঠিক না?
রাজ্জাক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এর ১১ (ডি) অনুচ্ছেদে বলা হয়েছে, ট্রাইব্যুনাল তার কাজের জন্য কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারে। কাজেই ওই নিয়োগ অবশ্যই ট্রাইব্যুনালের হতে হবে, চেয়ারম্যানের দেয়া নয়।
একজন চেয়ারম্যান এবং দুই থেকে চারজন সদস্য নিয়ে ট্রাইব্যুনাল। তাই চেয়ারম্যান একা কাউকে নিয়োগ দেয়ার এখতিয়ার রাখেন না। এক্ষেত্রে ট্রাইব্যুনাল তাকে (জিয়াউদ্দীন) নিয়োগ দেয়নি। এমনকি চেয়ারম্যানও দেননি। দিলে নিয়োগপত্র থাকত। অন্যান্য কাগজপত্র থাকত। তাকে সম্মানি দেয়া হতো। তাকে কী পরিমাণ সম্মানি দেয়া হয়েছে, ওই অর্থের অনুমোদন কে দিয়েছে, অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে কি না- সব কিছু স্বচ্ছ হতে হবে। তাকে কখন নিয়োগ দেয়া হয়েছে? আনুষ্ঠানিকভাবে আমরা তার কথা প্রথম জানতে পারি গত ৬ ডিসেম্বর যখন বিচারপতি হক এ বিষয়ে একটি আদেশি দিলেন। তাই এক্ষেত্রে আপনার ওই দৃষ্টান্ত খাটে না।
অ্যাটর্নি জেনারেল বলতে চেষ্টা করেছেন যে, চেয়ারম্যান ট্রাইব্যুনালের কর্মকাণ্ড পরিচালনায় প্রয়োজনে প্রশাসনিক বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু গোপনে বিচারপতির ওই কর্মকাণ্ড ছিল সম্পূর্ণ বিচারিক বিষয়।
একটা উদাহরণ দেই, আমি আদালতেও এ কথা বলেছি। গোলাম আযমের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে তার খসড়া ছয়বার ব্রাসেলস থেকে এসেছে। ২০১১ সালের ১০ ডিসেম্বর প্রথমটি আসে এবং ষষ্ঠ খসড়াটি ছিল দশ পৃষ্ঠার। সেখানে একটি কাঠামো ছিল। সপ্তম খসড়াটি চিফ প্রসিকিউটর ২০১২ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগপত্র হিসাবে জমা দেন। এগুলো প্রশাসনিক নয়, আইনি কার্যক্রম।
এসব যদি প্রশাসনিক কার্যক্রম হয়, তাহলে কথাটার অভিধানিক অর্থটাইতো আগে বদলাতে হবে।
এখানেই শেষ নয়। অভিযোগ গঠনের আদেশও ব্রাসেলস থেকে এসেছে। এটা ছিল প্রায় একশ’ পৃষ্ঠার এবং যে আদেশ দেয়া হয়েছে তার সঙ্গে হুবুহু মিলে যায়। খসড়ায় একটি শব্দ দুইবার ছিল, আদালতের আদেশেও তাই ছিল। বিচারপতি হক চেয়ারম্যান থাকা অবস্থায় আরো চারটি আদেশ এসেছে যেগুলো ব্রাসেলসেই তৈরি করা হয়েছে। এগুলো সম্পূর্ণ বিচারিক আদেশ এবং তিনি তা করতে পারেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এগুলো গোপনে হয়ে থাকলে সেটা একটি বিষয়। তবে আপনি এটাও দাবি করছেন যে, এসব আদেশ ব্রাসেলসে তৈরি করা হয়েছে। এখন আমার সম্পাদকের কাছে পাঠানো ইমেইল আর তার ফেরত পাঠানো ইমেইলের কথাই বলতে হয়। পুরো আদান প্রদানের চিত্রটা না থাকলে তো বোঝা যাবে না কি পাঠানো হলো আর কি ফেরত এলো। বিচারপতি নিজামুল হকের কাছে যা এসেছে- যদি তাই নিয়ে আসা হয়, তাহলে উনি কি পাঠিয়েছেন তা তো আর থাকবে না। উনার ইমেইলের ‘সেন্ট মেইল’ থেকে তো কিছু নাই।
রাজ্জাক: এখানে বিষয় হচ্ছে, এসব ইমেইল আলাদা করে দেখলে হবে না। ১৭ ঘণ্টার কথোপকথনের সাথে মিলিয়ে তার ভিত্তিতে আমরা এটা জোর দিয়েই বলতে পারি যে চেয়ারম্যান তার সমস্ত আদেশ লেখার জন্য পুরোপুরি আহমেদ জিয়াউদ্দীনের ওপর নির্ভর করতেন।
আরেকটি উদাহরণ দেই- দুজন বিদেশি সাক্ষীর জন্য সমন চেয়ে আমরা একটি আবেদন করেছিলাম। আদালতে নথিভুক্ত করার আগে আমরা তা প্রসিকিউশনকে দিয়েছিলাম। ওই দুটি আবেদনের কপিও ব্রাসেলসে গিয়েছিল। সেগুলো কীভাবে ব্রাসেলসে গেল তা আমরা জানি না। কিন্তু স্কাইপ কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এ বিষয়ে বিচারপতি ও আহমেদ জিয়াউদ্দীনের মধ্যে কথা হয়েছে।
আমি একেবারে নিশ্চিত এ ব্যাপারে। এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে প্রসিকিউশনও মুখ খোলেনি। অ্যাটর্নি জেনারেল শুনানিতে অংশ নিয়েছেন। তিনিও এ ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি তো দেশের শীর্ষ আইন কর্মকর্তা। আমা কথা মিথ্যা হলে তো তিনি চুপচাপ থাকতেন না। জোর গলায় বলতেন- এগুলো ভুল।
আমার প্রশ্ন হচ্ছে, প্রসিকিউশন, প্রশাসন, বিচারপতিরা বা ওই বিচারপতি নিজে কেন এটা অস্বীকার করেননি? এর কারণ তারা বিষয়টি মেনে নিতে বাধ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনি বলছেন, বিচারপতি হক বা অন্য বিচারপতিরা যে কোনো আদেশের খসড়া তৈরি করে আহমেদ জিয়াউদ্দীনের কাছে পাঠিয়েছেন, আর তিনি তা শুধু ঠিকঠাক করেছেন এমনটি হতে পারে না? আপনি বলছেন প্রতিটি আদেশই আসলে ব্রাসেলসে লেখা হয়েছে?
রাজ্জাক: হ্যাঁ। সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বিচারপতি ফজলে কবীর ও জহির আহমেদ তৈরি করেছেন বলে বিচারপতি কবীর বলেছেন এবং আমি তা সত্যি বলে ধরে নিচ্ছি। কিন্তু সে রকম হলেও তা আহমেদ জিয়াউদ্দীনের কাছে পাঠানো যায় না। কারণ বিচারক কোনো আদেশ লিখলে তিনিই সেটা চূড়ান্ত করবেন, এটাই নিয়ম। তিনি অন্য কাউকে পাঠাতে পারেন না। এটা সংবিধানের লঙ্ঘন, বিচার বিভাগের স্বাধীনতার লঙ্ঘন।
পুরো বিচারিক কার্যক্রমে যদি কোনো একটি পবিত্র বিষয় থাকে, তবে তা হলো বিচারকের স্বাধীনতা। বিচারপতি নিজামুল হক তা লঙ্ঘন করেছেন।
এমনকি আপনার ওই তুলনা (সম্পাদকের ইমেইল) ঠিক হলেও তো আমাদের বিষয়টি জানানো উচিত ছিল। কিন্তু প্রসিকিউশন তো বলতে পারছে না যে- ‘রাজ্জাক সাহেব আপনারা ভুল বলছেন। ওই আদেশগুলো ব্রাসেলসে নয়, ঢাকায় লেখা হয়েছে, আহম্মেদ জিয়াউদ্দীন শুধু সেগুলো সম্পাদনা করেছেন।’ যদিও আমি মনে করি না যে, জিয়াউদ্দীনের সম্পাদনার কাজ করাটাও ঠিক হতো। তবে সে কথাও তো কেউ বলছে না যে পুরোটাই মনগড়া কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনাদের কাজের ক্ষেত্রে জুনিয়ররা খসড়া তৈরি করে আপনাকে দেখায়। আপনার পছন্দ না হওয়া পর্যন্ত একের পর এক ড্রাফট করতেই থাকে। এর অর্থ তো আর এটা নয় যে ওই পিটিশন বা আর্জি আপনার জুনিয়রই লিখেছে। বরং তা আপনার তৈরি করা বলেই ধরে নেয়া হবে। এক্ষেত্রেও কী তেমন নয়? আপনি আদালতে অনেকবার বলেছেন, আহমেদ জিয়াউদ্দীন একের পর এক খসড়া পাঠিয়েছেন।
রাজ্জাক: প্রশ্ন হচ্ছে, আহমেদ জিয়াউদ্দীনের এটা করার বৈধতা বা আইনি ভিত্তি কি না? সবাইকে জানিয়ে তাকে আদালতে নিয়োগ দেয়া হলে কোনো সমস্যা ছিল না। ক্যাম্বোডিয়া ও অন্যান্য দেশেও এ ধরনের বিধি আছে। আহমেদ জিয়াউদ্দীনকেও আইন মেনে নিয়োগ দেয়া হলে আমাদের মুখ খোলার কোনো সুযোগ থাকতো না। তখন স্বচ্ছতা ও জবাবদিহি করার প্রশ্নও উঠত না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: শুধুমাত্র কথিত সেই স্কাইপ কথোপকথনের সূত্র ধরেই তো আপনারা পুনর্বিচারের আবেদন করেছেন? সেই কথিত আলাপে দুজনের বক্তব্যের ভিত্তিতেই আপনারা বলেছেন যে বিচারক আর প্রসিকিউশনের যোগাযোগ ছিল। এর একমাত্র প্রমাণ ওই কথিত স্কাইপ আলাপ?
রাজ্জাক: হ্যাঁ, অন্য কোনো কিছু আছে কি না তা আমাদের জানা নেই। তবে স্কাইপ কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রসিকিউশন ও বিচারপতির অবৈধ যোগাযোগ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আর কথিত ওই স্কাইপ কথোপকথনের মাধ্যমেই আপনারা যোগাযোগের ধারণা পেয়েছেন?
রাজ্জাক: আমরা কোনো কিছু ধারণা করছি না। কথোপকথনেই বিষয়গুলো স্পষ্ট উঠে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: একজন প্রসিকিউটর বা আসামিপক্ষের আইনজীবী অন্য পক্ষের অনুপস্থিতিতে বিচারকের সাথে দেখা করতে পারেন না। কিন্তু বিচারপতি নিজামুল হকের চেম্বারে কি জামায়াতের পক্ষের আইনজীবীরা যাননি? তিনি তো প্রকাশ্যে অনেক সময় অনেককে তার খাস কামরায় যেতে বলতেন। চা খাবার দাওয়াতও দিতেন। এবং তারা বিচারকের খাস কামরায় গিয়ে তার সঙ্গে দেখাও করেছেন।
রাজ্জাক: আমি কখনো যাইনি। প্রসিকিউশনের আইনজীবী ছাড়া আমি কখনো বিচারপতির চেম্বারে যাইনি। কিন্তু কফি বা চায়ের জন্য যদি তার কাছে যাওয়া হয় তাহলে সেটা ভিন্ন বিষয় হতে পারে। অন্যপক্ষের আইনজীবীর উপস্থিতি ছাড়া বিচারপতির কক্ষে কোনো পক্ষের আইনজীবীরই যাওয়া উচিত নয়। এটা আইনে কঠোরভাবে নিষিদ্ধ না হলেও ভালো দেখায় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এক্ষেত্রে আপনাদের দাবি হচ্ছে, কথিত স্কাইপ কথোপকথন ও ইমেইলে যেভাবে উঠে এসেছে সেভাবে বিচারপতি কারো সহযোগিতা চাইতে পারেন না?
রাজ্জাক: হ্যাঁ, ঠিক তাই। সে কারণেই তো তিনি পদত্যাগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: কিন্তু ইমেইলের আদানপ্রদান তো হাজির করা হয়নি। এখানে বিচারপতি নিজামুল কি পেয়েছেন শুধু সেটাই আছে। উকি কি পাঠিয়েছেন তা তো নেই।
রাজ্জাক: একটা দুটো আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ২৩০টি ইমেইলের মধ্যে একটি কি দুটো আছে, যেগুলো বিচারক পাঠিয়েছিলেন?
রাজ্জাক: হ্যাঁ। দেখুন, এটা ভগ্নাংশ মাত্র। আমরা দেখেছি মাত্র দেড় মাসের ইমেইল আর ওই ১৭ ঘণ্টার কথোপকথন, যা দু’মাসেরও কম সময়ের। সেজন্যই আমি আন্তর্জাতিক তদন্ত দাবি করেছি, যেন পুরো বিষয়টি বের করা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: তাহলে আপনারা পুরোপুরিভঅবে কয়েকটি ওয়েবসাইট এবং প্রকাশ্যে যা যা পাওয়া যাচ্ছে, শুধুমাত্র তার ওপরেই নির্ভরশীল?
রাজ্জাক: হ্যাঁ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আর যেখানে যা যা আছে তা আংশিক, পুরো রেকর্ড তো নাও হতে পারে।
রাজ্জাক: নাও হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: অ্যাটর্নি জেনারেল যে বিষয়টি বারবার বলছেন, যে চুরি করা কিছু থেকে বা অনৈতিকভাবে সংগ্রহ করা কোনো কিছুর ভিত্তিতে আপনি আদালতে আবেদন করতে পারেন না।
রাজ্জাক: আমার মনে হয় উনি ভুল করছেন। কারণ এই রেকর্ডগুলো তো গোলাম আযম, নিজামী বা সাঈদী চুরি করেননি বা সংগ্রহ করেননি। এগুলো ইকনোমিস্টে আছে, আমার দেশে আছে, ওয়াল স্ট্রিট জার্নাল বা ফরেন পলিসিতে আছে। ইউটিউবেও আছে। চুরি করা হয়ে থাকলেও আমরা তা অবশ্যই কাজে লাগাতে পারি এবং সে রকম মামলার কথাও আমরা বলেছি আদালতে। চুরি করলে তার সাজা হবে- সেটা অন্য কথা। কিন্তু অ্যাটর্নি জেনারেল বলছেন, আদালত ওগুলো দেখতেই পারবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: অ্যাটর্নি জেনারেল বলেছেন, এগুলো একবারে অপ্রাসঙ্গিক মামলা এবং এক্ষেত্রে কোনোভাবেই সেসব প্রযোজ্য হতে পারে না।
রাজ্জাক: সবই উনার মুখ থেকে আসছে এবং তিনি কোনো রেফারেন্স ছাড়াই এ ধরনের কথা বলছেন। ভারতীয় সুপ্রিম কোর্টে এনডিটিভির এ রকম একটি ঘটনার কথাও আমরা বলেছি। ওখানে লুকানো ক্যামেরা দিয়ে তারা বাদি পক্ষের সাক্ষী কেনাবেচার একটা রিপোর্ট করেছিল। আদালত বলেছিল, চাইলে মানহানির মামলা করতে পার, তবে এই রেকর্ড অবশ্যই দেখা হবে।
আমরা বলেছি, জনস্বার্থে বিষয়টি দেখতে হবে। কোনো একজনের ব্যক্তিগত গোপনীয়তা লঘ্টন করা যাবে না। তবে এখানে যদি এমন কিছু থাকে যাতে ওই কর্মকর্তার দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে- তা অবশ্যই দেখা দরকার। এখানে একজন বিচারক আরেকজনের সাথে অবৈধ যোগাযোগ রাখছিলেন্য। এমনকি ঘাতক দালাল নির্মূল কমিটির লোকজনও বলেছেন, আহম্মেদ জিয়াউদ্দীন যা করেছেন তা ঠিক করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: পুনর্বিচারের আবেদন খারিজ হয়ে গেলে কি করবেন?
রাজ্জাক: রায় হবে ৩ জানুয়ারি। তার আগে আমি নিশ্চিত করে কিছু বলতে চাই না। খঅরিজও হতে পারে, গৃহিতও হতে পারে। আই তার নিজস্ব গতিতে চলবে। আমরা কি করব তা রায়ের পর দেখা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: বার বার আবেদন এবং অন্যান্য কৌশলের মাধ্যমে জামায়াতের আইনজীবীরা যুদ্ধাপরাধের বিচারকে বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
রাজ্জাক: এটা ঠিক নয়। পুরোপুরি না জেনে এমন অভিযোগ করা হয়। যুদ্ধাপরাধ অন্য সব অপরাধের মতো নয়। চার্লস টেইলরের বিচার চলেছিল তিন বছর ধরে। তারপর বিচার প্রক্রিয়া শেষ হওয়ার এক বছর পর রায় ঘোষণা হয়েছিল। মিলেসোভিচের বিচার হয়েছিল কয়েক বছর ধরে।
আবার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমের দিকে তাকালে দেখা যায়, প্রসিকিউশন ডিফেন্সের চেয়ে বেশি সময় নিচ্ছে। আব্দুল কাদের মোল্লার মামলায় ১২ জন সাক্ষীর জবানবন্দির জন্য প্রসিকিউশন তিন মাস সময় নিল। কিন্তু ডিফেন্সকে দেয়া হলো মাত্র একমাস। সাঈদীর ক্ষেত্রে প্রথম সাক্ষী হাজির করা হয় ২০১১ সালের ৭ ডিসেম্বর, আর সাক্ষ্য শেষ হয় পরের বছর ১২ অগাস্ট। প্রসিকিউশনের নয় মাস লাগলেও ডিফেন্সকে দেয়া হয় মাত্র এক মাস ২০ দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ডিফেন্সের অপ্রাসঙ্গিক, গুরুত্বহীন অসংখ্য আবেদনের কারণে এবং অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে প্রসিকিউশনের কার্যক্রমে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
রাজ্জাক: এটা সত্য নয়। প্রসিকিউশন তাদের সাক্ষী হাজির করতে সময় নিচ্ছে এবং সাক্ষী আনতে ব্যর্থ হচ্ছে। ১০১২ সালের প্রথম দিকে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হাজির করতে ব্যর্থ হয় তারা। আপনি যদি সিয়েরা লিওন, রুয়ান্ডা, যুগোস্লাভিয়ার ট্রাইব্যুনাল দেখেন তাহলে দেখতে পাবেন প্রসিকিউশন বেশ দ্রুত এগোচ্ছে। সরকার এটা আরো দ্রুত করতে চায়। সে কারণে বিচারপতি নিজামুল হকের ওপর চাপ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আসামিপক্ষও সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছিল।
রাজ্জাক: কিছু ক্ষেত্রে আমরাও সাক্ষী হাজির করতে পারিনি ঠিক, কারণ তাদের ভয় দেখানো হয়েছিল। এটাই ভারতবর্ষে এমনকি সম্ভবত বিশ্বে প্রথম ঘটনা যে সাক্ষীকে অপহরণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ওই দিন আমি ট্রাইব্যুনালে ছিলাম। সেদিন সাঈদীর বিরুদ্ধে প্রসিকিউশনের সমাপনী বক্তব্য দেয়ার কথা ছিল। সকাল পৌনে ১০টায় আমি ট্রাইব্যুনালে পৌঁছাই এবং কোর্ট চত্বরে ঘোরাঘুরি করছিলাম। ১০টা ২০মিনিটে আমি ফটক দিয়ে আদালতে ঢুকি, যেখান থেকে তার মাত্র ৫ মিনিট আগে ওই সাক্ষীকে অপহরণ করা হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু আমি সেখানে অস্বাভাবিক কিছু দেখিনি। অন্যদের জিজ্ঞাসা করলে শুধু দুজন এ ধরনের ঘটনার কথা জানায়। তাও তারা বলেন যে, ওই গাড়িটিকে তারা দেখেছিলেন, যাতে করে সুখরঞ্জন বালীকে নিয়ে যাওয়া হয়েছে। ওই দুজনেই জামায়াতে ইসলামীর পত্রিকা সংগ্রামের প্রতিবেদক।
ডিফেন্সের আইনজীবীরা এবং ওই দুজন ছাড়া এ ঘটনার অন্য কোনো প্রত্যক্ষদর্শী না থাকাটা আপনার কাছে অস্বাভাবিক মনে হয় না?
রাজ্জাক: এটা শুধু জামায়াতের লোকজনের কাছ থেকে আসেনি। ডেভিড বার্গম্যানের মতো ব্লগাররাও বলছেন। তিনি এ বিষয়ে তার ব্লগে লিখেছেন। তিনি ওই সাক্ষীর বাড়িও গিয়েছেন। বার্গম্যান তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন যিনি ঘটনার ১০-১৫ মিনিট আগেও ওই সাক্ষীর সঙ্গে কথা বলেন এবং তারপর হঠাৎ বালী উধাও হয়ে যান।
এমনকি বিদেশিরাও বলছে এটা ঘটেছে। এর জন্য হিউম্যান রাইটস ওয়াচ, বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের হিউম্যান রাইটস কমিটিও সরকারের সমালোচনা করেছে।
এখানেই ট্রাইব্যুনালের ব্যর্থতা। উচিৎ ছিল সবগুলো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সিদ্ধান্ত নেয়া। কারো এই সাহসটুকুও হচ্ছে না যে বলে- ঠিক আছে, কি হয়েছে তা তদন্ত করে দেখা হোক।
ডিফেন্স আইনজীবী মিজানুল ইসলাম বলেছেন, গাড়িতে থাকা অবস্থায় সুখরঞ্জন বালী নামের ওই সাক্ষীকে অপহরণ করা হয়েছে। এটা মিথ্যা হতে পারে না।
এমনকি পুলিশও আমাদের মামলা নিতে অস্বীকৃতি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এখানে লক্ষ্যণীয়, প্রথমবারের মতো আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলামের সঙ্গে তার গাড়িতে কোনো সাক্ষী আদালতে আসছিলেন। সেদিন প্রসিকিউশনের সমাপনী বক্তব্য দেয়ার কথা থাকায় কোনো সাক্ষীর আদালতে আসার কথাও ছিল না।
রাজ্জাক: আমাদের ব্যবস্থায় যুক্তি-তর্ক উপস্থাপন বা সমাপনী বক্তব্য থাকলেও সাক্ষীর জবানবন্দি নেয়ার এখতিয়ার আদালতের রয়েছে এবং এটা অনেকসময়ই হয়ে থাকে। আদালত সাক্ষ্য বন্ধ করে দিতে পারে, আবার সাক্ষ্য গ্রহণেরও অনুমতি দেয়। এমনতো হয়েই থাকে।
বাদিপক্ষের সাক্ষী গণেশ যখন আসামিপক্ষের হয়ে এসে বলল যে তার মাকে সাঈদী মারেনি, তখন সেটা প্রসিকিউশনের জন্য খুবই বিব্রতকর ছিল। সুখরঞ্জন বালীও যদি বলতো যে তার ভাইকে সাঈদী মারেনি- তাহলে সেটাও খুব বিব্রতকর হতো।
কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পুরো তদন্ত হলে, স্বাধীন নিরপেক্ষ একজন বিচারককে দিয়ে তদন্ত হলে, বালীকে কে অপহরণ করেছে তা ঠিক বেরিয়ে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনার নেতৃত্বাধীন জামায়াতের আইনজীবীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নথি ও দলিল আদালতে হাজির করেছেন। এই যেমন কিছুদিন আগে ২৩০টি ইমেইল, সতের ঘন্টার স্কাইপ কথোপকথন নিয়ে আসা হয়েছে বিভিন্ন ওয়েবসাইট থেকে। এসব জায়গায় এই তথ্য উপাত্ত এমনভাবে থাকে যেন মনে হয় তা যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের সুবিধা হয় এমন তথ্যই শুধু রাখা হচ্ছে। এর আগে সাক্ষীদের সেফ হোম থেকে নথি নিয়ে আসা হয়েছিল। প্রসিকিউশন বলেছিল ওইরকম কোন নথির অস্তিত্বই নেই, সবই বানানো। পাশাপাশি জামায়াতের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন সংগ্রাম, নয়া দিগন্ত, আমার দেশ বিভিন্ন সময়ে অনুসন্ধানী প্রতিবেদনের নামে যা প্রকাশ করেছে, সেই কথিত স্কাইপ আলাপও তার মধ্যে একটি, তাতে অভিযুক্ত জামায়াত নেতাদের পক্ষে কাজ হয়েছে কিন্তু আদালতের একেবারেই পছন্দ হয়নি। কিছু ক্ষেত্রে তো আদালত বলেই দিয়েছে যে মামলার সাক্ষী, প্রমাণ প্রভাবিত করা হচ্ছে। বিষয়গুলো মেলালে একটা ধারণা হয় যে এসব ঘটনা আসলে পরিকল্পিত বা সাজানো; কাকতালীয় নয়। ঘটনাগুলো থেকে দেখা যায় জামায়াত কৌঁসুলীরা বারবার আদালতে অনৈতিকভাবে পাওয়া দলিল ও নথি হাজির করছে। এখন আপনার কাছে প্রশ্ন হলো- জামায়াতের কৌঁসুলীরা কি যুদ্ধাপরাধের বিচার বানচাল করার চেষ্টা করছেন?
রাজ্জাক: প্রথম কথা হল, হ্যাঁ সংগ্রাম জামায়াতের মুখপত্র। কিন্তু অন্য পত্রিকাগুলো তো জামায়াতের নয়। নয়া দিগন্ত বা আমার দেশ মোটেই জামায়াতের পত্রিকা নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: কিন্তু নয়া দিগন্তের মালিক তো জামায়াতের প্রথম সারির নেতাদের একজন।
রাজ্জাক: একটি কোম্পানি তো আর একজন লোক চালায় না। তার শেয়ারহোল্ডার আছে, তার একটা বোর্ড থাকবে, যারা সিদ্ধান্ত নেন যারা আসলে কোম্পানি চালান। কিন্তু আমার দেশ যারা চালায় তারা তো আর জামায়াতের নন। একটা কথা জিজ্ঞেস করি, ইকনোমিস্ট কি জামায়াতের? ওয়াল স্ট্রিট জার্নাল? ফরেন পলিসি? ওগুলোও কি জামায়াতের? ইকনোমিস্টের মতো বিখ্যাত একটি পত্রিকা কেন সেই কথা প্রকাশ করতে যাবে? আপনিও জানেন, আমিও জানি যে এই পত্রিকাটি ইউরোপ আমেরিকা দুই জায়গাতেই সমানভাবে সমাদৃত। তারা কেন ছাপাবে? ৬ ডিসেম্বর তারপর ১৫ই ডিসেম্বর তারা এ বিষয়ে আবার প্রতিবেদন ছাপায়। এটার গুরুত্ব অনেক এবং এ থেকেই অনেক কিছুর ধারণা পাওয়া যায়। ইকনোমিস্ট তো আর সংগ্রাম নয়, আমার দেশ বা নয়া দিগন্তও নয়। একই কথা বলা যায় ওয়াল স্ট্রিট জার্নাল ও ফরেন পলিসির ব্যাপারে।
সত্য সত্যই। এই যে সংঘাত এটা হচ্ছে সত্য ও মিথ্যার লড়াই।
শেষ প্রশ্ন: মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রথম সাক্ষী মিসবাহুর রহমান চৌধুরী আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধের পরপরই আপনাকে অন্য যুদ্ধাপরাধীদের সঙ্গে বৈঠক করতে দেখেছেন। এরপর আপনি আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, ১৯৭১ সালে আপনি কোথায় ছিলেন এবং আপনি বলেছিলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দেব না’। আপনি আমাকে বলেছিলেন, ‘যেহেতু লোকজন আমার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে, তারাই বলুক আমি কোথায় ছিলাম।’ আজও কি আপনি একই উত্তর দেবেন?
রাজ্জাক: মিসবাহুর রহমান চৌধুরী বলেছেন, তিনি আমাকে লন্ডনের ৫৭ প্লাস্টো নামের কোনো এক জায়গায় দেখেছিলেন। এখন গুগলের যুগ এবং ৫৭ প্লাস্টো নামের কোনো জায়গা বাস্তবে আছে কি না তা যে কেউ দেখতে পারে।
একাত্তরের কাদা আমাকে স্পর্শ করেনি। একাত্তরে আমার অবস্থান নিয়ে কিছু যাবে আসবে না, আমি যেখানেই থাকি না কেন। তদন্ত সংস্থা ওই স্থানকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অভিযোগ তৈরি করবে। একটা অলীক কাহিনী তৈরি করবে। আমি যদি বলি, আমি বাংলাদেশে ছিলাম তাহলে এই উত্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা অভিযোগ সাজাবে। আর আমি যদি বলি, আমি লন্ডনে ছিলাম, তাহলে লন্ডনকে ঘিরে তারা একটি ষড়যন্ত্র আবিষ্কার করবে।
