২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের মামলায় জামিন পেলেন ফখরুল

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2013, 11:48 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

অবরোধে গাড়ি ভাংচুরের দুই মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বুধবার শুনানি শেষে ছয় মাসের অন্তবর্তী জামিন মঞ্জুর করেন।

ফখরুলের আইনজীবীরা সকালে হাই কোর্টে জামিনের এই আবেদন জমা দেন। আদালত সম্পূরক কার্যতালিকা করে দুপুরের পর আবেদনটি শুনানির জন্য রাখে। শুনানি শেষে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়।

আদেশের পর ফখরুলের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, “সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্য থেকে এ মামলা দায়ের করা হয়েছে। আমরা আদালতে বলেছি, এই মামলায় তার (ফখরুল) বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আদালত শুনানি শেষে উভয় মামলায় মির্জা ফখরুলকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। সেইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।”

আদালতের এই আদেশের ফলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মুক্তি পেতে তার আর কোনো বাধা থাকল না বলে মওদুদ জানান।

মির্জা ফখরুল বর্তমানে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “একজন প্রকৃত রাজনীতিকের মূল দায়িত্ব জনগণের সম্পত্তি রক্ষা করা। কিন্তু এখানে তার ব্যতিক্রম হওয়ায় জামিনের বিরোধিতা করতে গিয়েছি। তবে আদালত শুনানি শেষে সব দিক বিবেচনা করে জামিন দিয়েছে “

এই জামিনের ফলে ফখরুল মুক্তি পাচ্ছেন কি না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “মুক্তি দুটি বিষয়ের উপর নির্ভর করবে। একটি হচ্ছে- তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি-না, অন্যটি আমরা আপিল বিভাগে যাব কি-না। তাই বিষয়টি এখনই বলা যাচ্ছে না।”

গত ২৪ ডিসেম্বর এ দুই মামলায় ফখরুলের জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. হেলাল উদ্দিন। এর আগে মহানগর হাকিম আদালতেও ফখরুলের আবেদন নাকচ হয়।

১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুলকে। পুলিশ তাকে রিমান্ডে নিতে চাইলেও তা খারিজ করে ১১ ডিসেম্বর ফখরুলকে কারাগারে পাঠায় আদালত। পরদিন তাকে কাশিমপুরে নেয়া হয়।

গত ৯ ডিসেম্বর অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে।

এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।