বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার বুজরুখ সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম (৪০) ও শ্রী মুক্তার (৩০) বাড়ি বুজরুখ মধ্যপাড়ায়। তারা গরু আনতে সীমান্ত পেরিয়ে ওপারে গিয়েছিলেন বলে জানান হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের।
এই ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব আলী বলেন, বুজরুখ সীমান্তের ৩৬১-৪এস পিলারের কাছে ভারতের ইসলামপুর থানার বরুরা বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা ওই দুই জনকে লক্ষ্য করে গুলি করে। এতে দুজনের মৃত্যু হয়।
বুজরুখ বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওহাব আলী জানান, এ ব্যাপারে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ বরাবরই প্রতিবাদ জানিয়ে আসছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও ভারতের সমালোচনায় মুখর।
