২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা, ভোলায় শীতজনিত রোগে ১৯ শিশুর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2012, 04:13 AM

Updated : 25 Apr 2022, 10:02 PM

শৈত্যপ্রবাহে গাইবান্ধা ও ভোলায় শীতজনিত রোগে গত দুই সপ্তাহে ১৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর মধ্যে গাইবান্ধায় ১২ ও ভেলায় ৭ শিশুর মৃত্যু হয়।

গাইবন্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত চব্বিশ ঘণ্টায় গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই নবজাতকসহ তিন শিশু মারা গেছে ।

এই তিন শিশু হচ্ছে- সাদুল্লাপুর উপজেলার টিয়াগাছা গ্রামের রবিউল হোসেনের দুই দিন বয়সী ছেলে শিশু, ফুলছড়ি উপজেলার গলনারচর গ্রামের শহিদ মিয়ার শিশু সন্তান নুরুন্নবী (৯ দিন বয়সী) ও গোবিন্দগঞ্জ উপজেলার কৃষ্ঞসাগর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শিশু শিখা (দেড় মাস)।

চিকিৎসক আরো বলেন, শীতজনিত রোগের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়া প্রধান। মঙ্গলবারও হাসপাতালে ২৮ শিশু ভর্তি হয়েছে।

“হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫০-৬০ জন চিকিৎসা নিচ্ছে। এছাড়া ভর্তি হচ্ছে গড়ে ১০-১২ জন। এদের মধ্যে নবজাতক, শিশু ও বৃদ্ধ লোকের সংখ্যা বেশি।”

আক্রান্ত রোগীদের এমন সময়ে হাসপাতালে আনা হচ্ছে, যখন করার কিছু থাকে না। ফলে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানান এই চিকিৎসক।

এদিকে ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শরীফ আহমদ জানান, গত ২ সপ্তাহে ভোলায় নিউমোনিয়া ও তীব্র শীতে ৭ শিশু মারা গেছে ।

“এছাড়া ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ শিশু। যাদের মধ্যে ৪০ জনই নিউমোনিয়া আক্রান্ত”, বলেন চিকিৎসক শরীফ।