২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার প্রথম পথসভা গাবতলীতে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গাবতলীতে পথসভার মধ্য দিয়ে শুরু হবে রাজধানীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গনসংযোগ।

মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিরোধী দলীয় নেতা বুধবার রাজধানীতে মোট পাঁচটি স্থানে পথসভা করবেন। সকাল ১১টায় প্রথম পথসভা হবে গাবতলীর পুরনো বিউটি সিনেমা হল প্রাঙ্গণে।

এরপর কারওয়ান বাজারের কাঁচাবাজার, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক, সবুজবাগের বালুর মাঠ এবং বাড্ডার ভাটারা মাঠে সভা করবেন খালেদা জিয়া।

এছাড়া পুরান ঢাকার ধোলাইখালে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

নগর বিএনপির সদস্য সচিব জানান, গাবতলীতে পথসভা করে কল্যাণপুর, আগারগাঁও সড়ক ও ফার্মগেইট হয়ে গণসংযোগ করতে করতে কারওয়ান বাজারের কাঁচাবাজারে যাবেন খালেদা জিয়া।

সেখানে পথসভা শেষে এফডিসি সড়ক হয়ে মগবাজার রেলক্রসিং, মগবাজার মোড়, রমনা থানা সড়ক, বেইলি রোড সড়ক, কাকরাইল মসজিদ, মৎসভবন, হাইকোর্ট হয়ে কার্জন হল সড়ক, নগরভবন, গুলিস্থানে গোলাপ শাহ মাজার সড়ক, নর্থ সাউথ সড়ক, রায়সাবাজার সড়ক হয়ে ধোলাইখালে যাবেন তিনি।

এরপর সেখান থেকে দয়াগঞ্জ সড়ক হয়ে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে পথ সভা করবেন বিরোধী দলীয় নেতা। সেখান থেকে সায়েদাবাদ, মানিকনগর, বৌদ্ধ মন্দির হয়ে সবুজবাগের বাসাবো বালুর মাঠে চতুর্থ পথসভা করবেন।


খালেদা জিয়া এরপর বাসাবো হয়ে খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে মালিবাগ মোড়, মৌচাক, রামপুরা সড়ক দিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস অতিক্রম করে বাড্ডার ভাটারা মাঠে সর্বশেষ পথ সভায় বক্তব্য দেবেন। এর মধ্যম দিয়ে তার দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির শেষ হবে।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ৯ ডিসেম্বর সারা দেশে অবরোধ পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয়। এরপর ১৩ ডিসেম্বর হরতালও পালন করে তারা।

তবে হরতালের আগের দিন সহিংসতার এক মামলায় গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর মির্জা ফখরুলের মুক্তির দাবিতে ১৩ ডিসেম্বর অর্ধদিবস হরতাল করে বিএনপি।