২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগর ভবন ঘেরাও

নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এবং বকেয়া বেতনের দাবিতে নগর ভবন ঘেরাও করেছে কর্মচারী-কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 12:40 PM

নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এবং বকেয়া বেতনের দাবিতে নগর ভবন ঘেরাও করেছে কর্মচারী-কর্মকর্তারা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এডিবির অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলোর পাঁচশ’রও বেশি কর্মকর্তা-কর্মচারী নগর ভবর ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।

২০০১ সাল থেকে এডিবির প্রকল্পভুক্ত চালু থাকা ৩৬টি নগর (আরবান) স্বাস্থ্যকেন্দ্র ও দুটি মাতৃসদন প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে।

জানুয়ারি থেকে এ প্রকল্প সিসিসিতে অন্তর্ভুক্ত করে তা চালু রাখা ও কর্মকর্তা-কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সিটি মেয়র এম মনজুর আলমের কাছে স্মারকলিপিও দেয় বিক্ষোভকারীরা।

এডিবির এ প্রকল্পের মেয়াদ না বাড়ালে নগর স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন গুলো সিসিসি’র পক্ষ থেকে চালু রাখার বিষয়ে কর্পোরেশন থেকে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করে।

স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা জানান, এডিবির অর্থায়নে নগর স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদনগুলো পশ্চাৎপদ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় ৫৯০ জন কর্মকর্তা- কর্মচারী কাজ করে। প্রকল্পের মেয়াদ শেষ হলে তাদের বেকার হতে হবে।

এ সকল বিষয়ে মেয়র ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নগর স্বাস্থ্যকেন্দ্র কল্যাণ পরিষদের সভাপতি নাজিম উদ্দিন।

তিনি বলেন, “মেয়র সকল স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন চালু রাখার বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতনও আগামী জানুয়ারিতে পরিশোধ করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।”