সুরঞ্জিতের ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধের মামলার রায়ের সম্ভাব্য তারিখ নিয়ে বক্তব্য দেয়ায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
যুদ্ধাপরাধের মামলার রায়ের সম্ভাব্য তারিখ নিয়ে বক্তব্য দেয়ায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সংবাদপত্রে প্রকাশিত সুরঞ্জিতের বক্তব্যের সূত্র ধরে বিচারপতি ওবায়দুর রহমান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।
সুরঞ্জিতকে আগামী ২ জানুয়ারির মধ্যে আইনজীবীর মাধ্যমে এর বাখ্যা দিতে হবে।
গত ২২ ডিসেম্বর ১৪ দলের এক সমাবেশে সুরঞ্জিতের বক্তব্য উদ্ধৃত করে দৈনিক আমার দেশ পরদিন একটি প্রতিবেদনের শিরোনাম করে ‘আগামী বছর ১৪ যুদ্ধাপরাধীর ফাঁসি’।
ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের মধ্যে ১৪ জন চিহ্নিত ১৪ যুদ্ধাপরাধীর ফাঁসি হবে বলে ১৪ দলের অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
আদালতের আদেশে বলা হয়, বিচার প্রক্রিয়া নিয়ে এভাবে বক্তব্য দেয়া আদালতের কাজকে বাধাগ্রস্ত করা এবং আদালত অবমাননার শামিল।
এ কারণে মন্ত্রী সুরঞ্জিতকে ২ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয় আদেশে।
এর আগে গত ১৩ নভেম্বর এক আদেশে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের রায়ের ‘কাল্পনিক’ তারিখ বলা থেকে বিরত থাকার নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সরকার ও দায়িত্বশীল পদে যারা রয়েছেন তারা ভেবে চিন্তে বক্তব্য দেবেন বলেই ট্রাইব্যুনাল আশা করে।
এছাড়া রায়ের নির্দিষ্ট তারিখ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রতিবেদকের ব্যাখ্যা চায় ট্রাইব্যুনাল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নয় শীর্ষ নেতা এবং বিএনপির দুই জনের বিচার চলছে।
