পাবনা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলায় শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকালে দুবলিয়া গ্রাম থেকে গৃহবধূ সোনিয়া খাতুনের (২০) লাশ উদ্ধার করা হয়।
সোনিয়া ওই গ্রামের ওসমান গণির মেয়ে।
প্রায় দেড় বছর আগে একই উপজেলার মন্ডলপাড়া মহল্লার সিরাজ মন্ডলের ছেলে রাজীব মন্ডলের বিয়ে হয়। তাদের এক ছেলে রয়েছে।
নিহতের চাচা আফছার আলী সাংবাদিকদের বলেন, বিয়ের সময় রাজীবকে প্রায় দুই লাখ টাকার যৌতুক দেয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে রাজীবের বাড়ির লোকজন আবার যৌতুকের জন্য সোনিয়ার ওপর নির্যাতন শুরু করে।
নির্যাতন সইতে না পেরে ৭-৮ মাস আগে অন্তঃসত্ত্বা অবস্থায় সোনিয়া বাপের বাড়ি চলে আসে। প্রায় দেড় মাস আগে সোনিয়ার একটি ছেলে সন্তান হয়। রোববার সন্ধ্যায় রাজীব শ্বশুরবাড়ি এসে সব বিরোধ মিটিয়ে ফেলার কথা জানায় এবং সেখানে রাতযাপন করে।
“রাতে রাজীব স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় বাচ্চার কান্নার শব্দ শুনে বাড়ির লোকজন ঘরে গিয়ে সোনিয়ার লাশ বিছানায় পড়ে থাকতে দেখে। এ সময় রাজীব দৌড়ে পালিয়ে যায়,” বলেন আফছার।
আতাইকুলা থানার ওসি রবিউল হাসান সরকার জানান, সকালে লাশ উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার খাঁন আবু নাছের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের বাবা ওসমান গণি বাদী হয়ে রাজীবকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৬ ঘ.
bdnews24