চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার উত্তর নালাপাড়া এলাকায় দুই প্রতিবেশীকে কুপিয়ে পালিয়েছে এক দুর্বৃত্ত।
রোববার বিকালে র্যাবের একটি দল আসামি ধরতে অভিযানে গেলে এই ঘটনা ঘটে।
পলাতক আসামির নাম ওসমান গণি রিপন (২৮)। আহত ইলিয়াছ (২৮) ও জামালকে (২৪) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেয়া র্যাব-৭ এর কর্মকর্তা কমান্ডার নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি দল বিকাল সাড়ে ৩টার দিকে উত্তর নালাপাড়া এলাকায় ওসমান গণিকে ধরতে যায়।
“র্যাবের উপস্থিতি টের পেয়ে ওসমান হাতে রাম দা নিয়ে দোতলা একটি ঘর থেকে লাফ দেয়। সামনে সামনে থাকা ইলিয়াস ও জামালকে আঘাত করে পালিয়ে যায় সে।”
ওসমানের বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, একটি পাইপ গান ও একটি ধারালো ছুরি পাওয়া যায় বলে জানায় র্যাব।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত ইলিয়াসের আঘাত গুরুতর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/ইউএস/এমআই/২২০০ ঘ.
bdnews24