ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষিপ্ত সংঘাতের মধ্য দিয়ে রোববার সারাদেশে অবরোধ পালন করেছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
কয়েকটি স্থানে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর করেছে পিকেটাররা। আওয়ামী লীগ নোতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
সাত পুলিশসহ অন্তত ৪৪১ জন আহত হয়েছে। এরমধ্যে রয়েছে চট্টগ্রামে দুই পুলিশ, বগুড়ায় এক পুলিশ, মুন্সীগঞ্জ ১০ জন, লক্ষ্মীপুরে ২০ জন, নারায়ণগঞ্জে শতাধিক, খাগড়াছড়িতে দুই পুলিশ, সাভারে শতাধিক, চুয়াডাঙ্গায় দুই পুলিশসহ ১০ জন, ফেনীতে ১০ জন, খুলনায় ৪০ জন, বরিশাল ২০ জন, চাঁপাইনবাবগঞ্জে এক পুলিশ, কুমিল্লায় ২০ জন, ঝিনাইদহে ২০ পুলিশসহ ৫০ জন, লালমনিরহাটে ৫০ জন এবং নওগাঁয় পাঁচ জন।
এছাড়া আটক করা হয়েছে ৮৮ জনকে। এরমধ্যে রয়েছে বগুড়ায় সাতজন, বাগেরহাটে দুইজন, মুন্সীগঞ্জ একজন, নারায়ণগঞ্জে ১৬ জন, কক্সবাজারে ১৭ জন, রাজবাড়ীতে পাঁচজন, সাভারে নয়জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জন এবং গাইবান্ধায় এক জন, বরিশালে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে একজন, লালমনিরহাটে তিন জন এবং নওগাঁয় তিন জন।
চট্টগ্রাম: নগরীর নতুন ব্রিজ এলাকায় একটি পিকআপ ভ্যান ভাংচুর ছাড়া কোথাও তেমন কোনো অপ্রতীতিকর কিছু ঘটেনি।
তবে, রাঙ্গুনিয়া উপজেলায় পুলিশের পুলিশের একটি পিকআপ ভাংচুর করেছে বিএনপি-জামায়াতকর্মীরা। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ওপর হামলা চালিয়েছে ।
নগরীর একে খান মোড়, নতুন ব্রিজ, অক্সিজেন মোড়ে এবং দক্ষিণ চট্টগ্রামের মইজ্জার টেকে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়ে অবরোধ করেছেন।
রাঙ্গুনিয়া থানার ওসি মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পিকেটাররা পুলিশের উপর হামলা চালায়। পুলিশের একটি পিকআপও ভাংচুর করে।
আহত হন থানার এসআই মো. জামাল ও কনস্টেবল সুজিত।
জেলার অধিকাংশ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকারি অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।
সিএনজি অটোরিকশা, রিকশা ছাড়া নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভারি যানবাহন চলাচল করতে দেখা যায়নি। চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য ওঠানো নামানো কার্যক্রম স্বাভাবিক ছিল।
বগুড়া: বগুড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল এ) মকবুল হোসেন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে পুলিশের ১০টি মোটরসাইকেল নিয়ে একটি ট্রাক দিনাজপুর যাচ্ছিল। পথে বগুড়া-ঢাকা মহাসড়কের বনানী এলাকায় পিকেটারেরা ট্রাক থামিয়ে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ট্রাক চালক পুলিশ কনস্টেবল পিকেটারদের মারপিটে আহত হন।
এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। পুলিশ ২৯ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ার সেল ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে।
শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম বলেন, উপজেলা সদরে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ আহত হয়েছে। বিভিন্ন স্থানে ৬/৭টি গাড়ি ভাংচুর হয়েছে। পুলিশ ৭ জনকে আটক করা হয়েছে।
গাজীপুর: সদরের কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস মোড় পিকেটাররা একটি পাথর বোঝাই ট্রাকে আগুন দেয়। এছাড়া কালীগঞ্জের বাইপাসের বালিগাঁও, সদরের চান্দনা-চৌরাস্তা, ভোগড়া বাইপাস, কড্ডা বাজার, টঙ্গী, কালিয়াকৈরের সফিপুর হিজলতলীতে পিকেটাররা টায়ার জ্বালিয়েছে এবং কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করেছে।
কালীগঞ্জ থানার ওসি মো. এনায়েত উদ্দীন বলেন, সকাল ৭টার দিকে কালীগঞ্জের উলুখোলা মঠবাড়ি মোড়ে মালবাহী একটি কন্টেইনারে অগ্নিসংযোগ করে। পুলিশ তা নিভিয়ে ফেলেছে। এছাড়া বালিগাঁও বাইপাসে একটি প্রাইভেটকার, ২টি মাইক্রেবাসের যাত্রী ও চালককে মারধর করে ভাংচুর করেছে। একই এলাকায় বর-কনেবাহী একটি মাইক্রোবাসকে ও ভাংচুর করেছে।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, টঙ্গীর চেরাগ আলী, মিলগেইট, স্টেশনরোডে বিএনপি নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: সকালে নগরীর বিনোদপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ও কাদাঁনে গ্যাস ছুঁড়েছে। তবে কেউ হতাহত হয়নি।
মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল থেকে পুলিশের প্রতি ইট-পাটকেল ছুড়লে পুলিশ কাদাঁনে গ্যাস ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।
মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া সড়কের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে এক পুলিশসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। এ সময় পুলিশ ২৮ রাউন্ড টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করেছে।
সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান বলেন, পুলিশ শুভ নামের এক আহত ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করেছে।
লৌহজং থানার ওসি জাকিউর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্রসহ সকালে মহাসড়ক আবরোধের চেষ্টা করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় উভয়পক্ষের ব্যাপক সংষর্ষ হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২০/২৫ রাুন্ড রাবার বুলেট ও ৫/৬ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
লক্ষ্মীপুর: সদরের জকসিন বাজার, চরচামিতা ও রামগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। তিনজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ২০জন আহত হয়েছে। এসময় ট্রাক ও বাসসহ ১১টি গাড়ি ভাংচুর করা হয়।
বাগেরহাট: মোরেলগজ্ঞ ও হযরত খানজাহান (রহ:) মাজার মোড় এলাকায় ৩টি গাড়ি ভাংচুর করেছে পিকেটাররা। এছাড়া মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ডে পিকেটিংয়ের সময় একটি বাস ভাংচুরের অভিযোগে পুলিশ আল আমিন (২৮) ও পান্না (২৬) নামে বিএনপির দুই কর্র্মীকে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিএনপি, জামায়াত ও শিবিরকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে শতাধিক।
পিকেটাররা একটি বাস, একটি ট্রাক ও পাঁচটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। ভাংচুর করা হয়েছে অর্ধশতাধিক যানবাহন। পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করতে দুই শতাধিক টিয়ার গ্যাস শেল ও শটগানের গুলি ছুঁড়েছে।
পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে লাঠিপেটা, শটগানের গুলি ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়েছে। জামায়াত-শিবিরের তিন জনসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার: কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধে নাশকতার চেষ্টাকালে পুলিশ ১৭ জনকে আটক করেছে। এর মধ্যে রয়েছে কক্সবাজার সদর থানায় ১১ জন, রামুতে ২ জন ও উখিয়ায় ৪ জন।
খাগড়াছড়ি: সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা সদরে বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করার সময় আওয়ামী লীগ বাধা দিলে সংঘর্ষ হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।পিকেটারদের হামলায় পুলিশের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। আহতদের জেলাসদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী: গোয়ালন্দ থানার ওসি আবুল বাসার বলেন, রাজবাড়ী সদরে তিনজন, গোয়ালন্দে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার: পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষে ফলে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার ও নয়ারহাট এলাকা।
এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ভাংচুর করেছে অর্ধশত যানবাহন। পুলিশ ৯ জন পিকেটারকে গ্রেপ্তার করেছে।
গাইবান্ধা: পুলিশ সুপার একে এম নাহিদুল ইসলাম বলেন, রাস্তায় গাছর গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিএনপি-জামাত কর্মীরা অবোরোধ সৃষ্টি করেছে। পুলিশ এসব অপসারন করতে গেলে তারা পুলিশের উপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এ কারনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শটগানের ২৯ রাউন্ড রাবার বুলেট ও ৭ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে।
চাঁদপুর: দুপুর সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ উপজেলা বিএনপি অফিসে আগুন দিয়েছে প্রতিপক্ষরা। পরে ফায়ার সার্ভিসের দু‘টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। এই সময় হাজীগঞ্জ বাজারে ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান বলেন, সকাল ১১টার দিকে জীবননগর বাসষ্টান্ডে আওয়ামীলীগ, জামায়াত ও বিএনপি কর্মিরা সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ঘটনাস্থলের আশেপাশে থাকা কমপক্ষে ১৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। সংঘর্ষ চলাকালে বিএনপি ও আওয়ামীলীগের উপজেলা অফিস ভাংচুর করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভাংচুর করা হয়েছে।’
জীবননগর থানার এসআই খলিলুর রহমান জানান, চুয়াডাঙ্গার জীবননগরে আওয়ামী লীগ, জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জীবননগর থানার ওসি শাহজাহান আলী খান এবং পুলিশ কনেস্টবল হাফিজুর রহমানসহ আহত হয়েছে ১০ জন।
ফেনী: ফেনীর সহকারী পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ সামছুল আলম সরকার জানান, শহরের ট্রাংক রোডে দুপুর ১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে উভয় দলের কর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খুলনা: নগরীর দৌলতপুর মুহসিন মোড় ও বিএল কলেজ, রূপসা উপজেলার কুদীর বটতলা এবং কয়রায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ গুলি ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে। এ সময় ৪০ জন আহত হয়েছে। পুলিশ বিএনপির পাঁচ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতদের মধ্যে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম এবং দৌলতপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নুও রয়েছেন।
কুষ্টিয়া: কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, গাড়ি ভাঙ্গচুর ও জনগনের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে পুলিশ ২০ জনকে আটক করেছে। এরমধ্যে মিরপুরে ১৯ জন এবং কুষ্টিয়া শহর থেকে একজন জনকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ সুপার মো. মুনিরুজ্জামান বলেন, অবরোধ চলাকালে পুলিশ বিভিন্ন স্থান থেকে ১২ জন পিকেটারকে আটক করেছে।
বরিশাল: জেলার বিভিন্ন স্থানে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। বিরোদী দলের নেতাকর্মীরা কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ সময় জেলার ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সকালে উজিরপুরের ইচলাদি বিরোধী দলের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে সেখানে বিএনপি মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে ও লাঠিপেটা করে অবরোধকারীদের রাস্তা থেকে তুলে দেয়। এসময় সেখানে অন্তত ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে ৫ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানান উজিরপুর থানার ওসি মো. শাহাবুদ্দিন।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে পিকেটিংকালে স্থানীয় ছাত্র ও যুবলীগ নেতারা চালায় বলে স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন। এতে সেখানে পাঁচজন আহত হন।
সকালে উত্তর জেলা বিএনপি ঢাকা-বরিশাল সড়কের ভূরঘাটা, গৌরনদী, কাছেমাবাদ, বাটাজোর, টরকী ও বামরাইল বাসষ্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে ১৮ জোটের সমর্থকরা।
দক্ষিণ জেলা বিএনপি নগরীর গড়িয়ারপাড়ে মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। শ্রমিক লীগ লাঠিসোটা নিয়ে এবং পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন আহত হয়।
নগরীর দপদপিয়া সেতুর ঢালে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ বলেন, অবরোধের সময় মুলাদী, উজিরপুর এবং গৌরনদী থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: অবরোধ চলাকালে সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের রানীহাটি বাজারে অবরোধকারীরা প্রায় ১০টি বোমার বিষ্ফোরণ ঘটায়। এতে শিবগঞ্জ থানার কনস্টেবল আহমেদুল আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লা: অবরোধ চলাকালে হোমনায় তিন বিএনপি নেতা গুলিবিদ্ধ ও ৭ পুলিশসহ ২০ জন আহত হয়েছে। এছাড়া পুলিশের গাড়িসহ ৮টি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিএনপি’র ঢাকা-হোমনা সড়কের কাঠেরপুল এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
পুলিশ শট গানের গুলি ছুঁড়ে দাবি করে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম বলেন, এ সময় যুবদল নেতা জজ মিয়া, সোহেল মিয়া ও আলমগীর গুলিবিদ্ধ হন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে পুলিশ দাবি করেছে, এ সময় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে হোমনা থানার ওসি জলিল আহামেদ, এসআই ওমর ফারুক, ত্রিনাথ, কনস্টেবল আনিসুর রহমান, রুহুল আমিন, শাহজাহান, রফিকুল ইসলাম আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা উত্তর মুরাদনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে হোমনা যাওয়ার পথে বিক্ষোভকারীরা তার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
এদিকে হোমনা উপজেলা আওয়ামী লীগের একটি লাঠি মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ শেষে থানা গেইটে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ ছাড়া অবরোধকারীরা আলেখারচরে তিনটি ট্রাক এবং পদুয়ার বাজার বিশ্বরোডে সংবাদপত্রবাহী চারটি বাস ভাংচুর করে বলে জানায় পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয়: শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদলের নেতাকর্মীরা চারটি গাড়ি ভাংচুর করে। পরে একই স্থানে রাত দেড়টায় একটি ট্রাকে আগুন দেয়া হয়।
সকাল থেকেই খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করেছে। ছাত্রশিবির টিএসসির সামনে থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে পাশের শেখপাড়া বাজারে গিয়ে সমাবেশ করে।
ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে সহকারী পুলিশ সুপার ও ২০ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
সকালে অবরোধকারীরা ঝিনাইইদহ-কুষ্টিয়া সড়কের শেখপাড়া ও চড়–ইবিল বাজারে লাঠিসোটা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ বাধা দিলে অবরোধকারীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাণ্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড শট গানের গুলি ও ৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে জানান সহকারি পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা।
তিনি জানান, এ সময় পুলিশের একটি ভ্যানে আগুন দেয়া হয়। পরে শৈলকুপা থেকে দমকল বাহিনী এসে আগুন নিভায়।
এদিকে শৈলকুপা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দিপু দাবি করেন, শটগানের গুলিতে তাদের অন্তত ৩০ কর্মী আহত হন।
লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জে অবরোধকারীদের পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। জেলায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
পাটগ্রাম উপজেলায় সকালে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মিছিল বের করলে সংর্ঘষ বেধে যায়। এ পর্যায়ে বিএনপি’র উপজেলা ও পৌর কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে। এ সময় ওসি সোহরাব হোসেন ও এসআই তানভীর আলমসহ অন্তত বিশ জন আহত হয়।
কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি মিছিল বের করলে সংর্ঘষ বাধে। এ সময় উভয় দলের নেতা-কর্মীরা ব্যাপক ভাংচুর চালায়। এতে অন্তত ৫জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় মিথুন, বাবু, মফিজুল নামে ৩ বিএনপি কর্মীকে আটক করেছে।
এছাড়া সদরের মহেন্দ্রনগর এলাকায় বিএনপি কর্মীরা একটি বাস ভাংচুর করে বলে জানান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।
নওগাঁ: রাণীনগর উপজেলা বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দুপুর দেড়টায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্সে ৫ জন আহত হয়েছে। এ সময় বিএনপি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ এ ঘটনায় ২ বিএনপি কর্মী ও এক জামায়াত নেতাকে আটক করেছে বলে জানান রাণীনগর থানার ওসি শাহারিয়ার খাঁন।
এছাড়া এদিন ভোরে নাশকতার অভিযোগে শহর থেকে তিন শিবির কর্মীকে গ্রেপ্তারের কথা জানান সদর মডেল থানার ওসি মোজাম্মেল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ইউএস/টিএইচ/এমসি/সিএস/ডিডি/২১৫০ ঘ.
bdnews24