২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্দি প্রত্যর্পণ চুক্তি জানুয়ারিতে’

ভারত ও বাংলাদেশ আগামী জানুয়ারিতে বন্দি প্রত্যর্পণ চুক্তি সই করতে একমত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়া দিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 05:05 PM

Updated : 25 Apr 2022, 09:59 PM

মঙ্গলবার দিল্লি সফররত স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের মধ্যে বৈঠকে এই বিষয়ে মতৈক্য হয়।

বন্দি প্রত্যর্পণ চুক্তি হলে আসামের বিদ্রোহী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে পাওয়ার সুযোগ হবে ভারতের, যিনি এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশে অন্তরীণ।

এর আগে আসামি প্রত্যর্পণ চুক্তি হলেও বন্দি প্রত্যার্পণ চুক্তি না হওয়ায় অনুপ চেটিয়াকে ভারত পাচ্ছিল না। কারণ অবৈধভাবে বাংলাদেশে ঢোকার জন্য উলফা নেতার সাজার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।

ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বন্দি প্রত্যর্পণ বা বন্দি বিনিময় চুক্তি করতে আগ্রহ দেখানো হচ্ছে। গত মে মাসে নয়া দিল্লিতে দুই দেশের যৌথ পরামর্শন কমিশনের বৈঠকেও এনিয়ে আলোচনা হয়।

মহীউদ্দীন আলমগীরে সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সুশীল সিন্দে বলেন, “আগামী বছরের জানুয়ারিতে আমার ঢাকা সফরের সময় সংশোধিত ভ্রমণ চুক্তি ও প্রত্যর্পণ চুক্তি চূড়ান্ত ও সই করার বিষয়ে আমরা একমত হয়েছি।”

দ্বিপক্ষীয় ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য সংশোধিত ভ্রমণ চুক্তি সই হবে।

মহীউদ্দীন আলমগীর ও সুশীল সিন্দে নিজ নিজ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এটাই তাদের মধ্যে প্রথম বৈঠক। জানুয়ারিতে ঢাকায় দুজনে আবার আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন।

বৈঠকে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার বিষয়টি তুলে ধরে তা বন্ধের আহ্বান জানান মহীউদ্দীন খান আলমগীর।

এরপর দুই মন্ত্রীর মধ্যে মতৈক্য হয়েছে, সন্ত্রাসী ও সশস্ত্র অপরাধীদের দ্বারা আক্রান্ত না হলে সীমান্তরক্ষী বাহিনী সীমানা বরাবর গুলিবর্ষণ করবে না।

পাশাপাশি সীমান্তে অপরাধ দমনে বিজিবি ও বিএসএফের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময়ের কথাও বলেছেন দুই মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজ এলাকায় উন্নয়ন কাজ করার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে বলে জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

মহীউদ্দীন খান আলমগীর ভারতে ‘অবস্থানরত’ বঙ্গবন্ধুর দুই খুনিকে গ্রেপ্তারের পর ফেরত পাঠানোর আহ্বান জানালে সুশীল সিন্দে আশ্বাস দেন, তারা যদি ভারতে থাকে তবে গ্রেপ্তারের বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হবে।