ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টা ও নাশকতা সৃষ্টির আশংকায় সোমবার দেশের বিভিন্ন স্থানে জামায়াত ও শিবিরের ৫৯ নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।
পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ সারাদেশে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচিতে বাধা দেয়ায় মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত ইসলামী।
বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম: হরতালের সমর্থনে মিছিল করার সময় নগরীর চান্দগাঁও, বড়পুল ও অলংকার মোড় এলাকা থেকে চার শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
নগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ডবলমুরিং) আরেফীন জুয়েল ও চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তারা রাস্তায় টায়ার পুড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল।
বরিশাল: মুলাদী উপজেলায় হরতালের সমর্থনে মিছিল বের করার সময় জামায়াতের উপজেলা আমির আবু সালেহ মোল্লাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মুলাদী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, পৌর শহরের ট্রলারঘাট জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
চাঁদপুর: সন্ধ্যায় শহরের চিত্রলেখা এলাকায় মিছিল বের করার চেষ্টাকালে পুলিশ পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে বলে জানান সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ।
তিনি বলেন, এ সময় লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
ফরিদপুর: ফরিদপুরে পুলিশের লাঠিপেটায় জামায়াত-শিবিরের মিছিল পণ্ড হয়ে গেছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে পাঁচ নেতাকর্মীকে।
শহরের নিলটুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক।
মুন্সীগঞ্জ: শহরের সার্কিট হাউজ সংলগ্ন মাদ্রাসা হোস্টেল থেকে সদর উপজেলা জামায়াত সেক্রেটারি মাহবুবুর রহমানসহ (৩৮) দুই নেতাকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন বলেন, নাশকতা চালানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।
শেরপুর: সদর উপজেলায় অভিযান চালিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক কামারুজ্জামানের ভাগ্নে বাজিতখিলা ইউনিয়নের কুমরিমুদিপাড়া গ্রামের শামছুল হক ফকিরের ছেলে সারোয়ার হোসেনসহ (৩০) দুই জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ: বিকালে নলকা ইউনিয়ন থেকে এক জামায়াত কর্মীকে নাশকতা সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে বলে জানান সলঙ্গা থানার ওসি তাজুল হুদা।
এর আগে দুপুরে সিরাজগঞ্জ শহর থেকে এক জামায়াত কর্মীকে আটক করার কথা জানিয়েছিলেন সদর থানার ওসি সোহরাব আলী।
সাতক্ষীরা: শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুমতি ছাড়াই সভা করার অভিযোগে বিভিন্ন স্থান থেকে এক ইউপি চেয়ারম্যানসহ মোট ১৪ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
দেবহাটা উপজেলার সখিপুর ইউপি চেয়ারম্যান ময়নুদ্দিন ময়নাসহ অন্যদের বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
গাজীপুর: দুপুরে সদর উপজেলায় জামায়াতের মিছিলের পেছন থেকে চার জনকে আটক করেছে পুলিশ। তবে আটকরা নিজেদের জামায়াত কর্মী নন বলে দাবি করেছেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাসেত জানান, চান্দনা-চৌরাস্তা এলাকায় দুপুর আড়াইটার দিকে জামায়াতের একটি মিছিল বের হয়। ওই মিছিলের পেছন থেকে তাদের আটক করা হয়েছে।
বগুড়া: শেরপুরে জামায়াত-শিবিরের মিছিলে লাঠিপেটা এবং দুই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে মিছিলের প্রস্ততিকালে দুঁপচাচিয়া থেকে আরো দুই জামায়াত নেতাকে আটক করা হয়েছে।
পরে যুবলীগের কর্মীরা শেরুয়া এলাকার শহর জামায়াতের সদস্য আবুল কালাম আজাদের একটি অফিস ভাংচুর করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
শেরপুর থানা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও দুঁপচাচিয়া থানার ওসি মনিরুল ইসলাম চারজনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ: সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের নতুন হাটখোলা থেকে শিবির একটি মিছিল বের করে।
মিছিলটি যশোর রোডে উঠলে ছাত্রলীগ ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দেয়।
ঝিনাইদহ সদর থানার এসআই আব্দুস সবুর বলেন, ছাত্রলীগ শিবির সন্দেহে আব্দুল্লাহ আল মামুন নামে একজনকে ধরে পুলিশে দিয়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সোমবার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকাল ১১টার দিকে উলিপুর পৌর এলাকা থেকে গ্রেপ্তারা হলেন জামায়াতকর্মী মিনহাজুল ইসলাম (৪০) এবং শিবিরের আব্দুস সালাম (২৫)।
দুপুরে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
উলিপুর থানার এস আই আবু মুসা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাশকতা সৃষ্টি করতে পারে আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়।
মাগুরা: মাগুরার বিভিন্ন স্থান থেকে আটক জামায়াতে ইসলামীর ছয় কর্মীর মধ্যে তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাকিদের জামিনে মুক্তি দেয়া হয়।
রোববার রাতে মাগুরার সদর, শ্রীপুর ও ও মহম্মদপুর উপজেলা থেকে ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ছয়জন হলেন জেলা শহরের দরি মাগুরার বাদশা আলম, বাকিউল, সবুজ মোল্লা, মহম্মদপুরের দাতিয়াদহ গ্রামের মো. হারুন শেখ, শ্রীপুরের কমলপুর গ্রামের ইলিয়াসুজ্জামান ও গয়েশপুরের মুক্তার হোসেন।
সোমবার আদালতে হাজির করলে বাদশা, সবুজ ও বাকিউলের জামিন হয়।
সদর ও শ্রীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম (দুজনের একই নাম) এবং মহম্মদপুর থানার ওসি সগির মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা সৃষ্টির আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী: রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর দুইজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন গোয়ালন্দ উপজেলার সাধারণ সম্পাদক ডা. আবু হানিফ এবং কালুখালী উপজেলার ডা. বারেক প্রামাণিক।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল নিশাত জানান, আবু হানিফকে দৌলতদিয়া রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কালুখালী থানার ওসি আব্দুর রহমান জানান, বারেককে বোয়ালিয়া ইউনিয়নের চরনারায়ণপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে সংশ্লিষ্ট থানায় দু’টি মামলা হয়েছে।
সিরাজগঞ্জ: সকাল ১০টার দিকে শহরের জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয় ইমরুল কায়েস (২০) নামের একজনকে।
সদর থানার ওসি সোহরাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াত-শিবির কর্মীরা পরিকল্পিতভাবে শহরের বড় বাজার সংলগ্ন জামে মসজিদ এলাকায় বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।
মিছিল শুরুর আগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অন্যরা পালিয়ে গেলেও ইমরুলকে আটক করা হয়।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা জামায়াত আমিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ও সোমবার সকালে গ্রেপ্তাররা হলেন জামায়াতের পীরগঞ্জ উপজেলা আমির আবুল কাশিম, আসলামী ছাত্র শিবিরের সদর উপজেলা সভাপতি ফারুখ হোসেন (২৩), সাধারণ সম্পাদক নাইমুদ্দিন (২২) এবং শিবিরকর্মী সাইফুল ইসলাম (২০)।
পীরগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠাকুরগাঁও পুলিশের গোয়ন্দা (ডিবি) শাখার একটি দল রোববার রাত ১২টার দিকে আবুল কাশিমকে আটক করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব বলেন, গত ৫ নভেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএইচপি/ডিডি/২১৫৩ ঘ.
bdnews24