পাবনা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী ইপিজেডে দুটি তৈরি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে কর্তপক্ষ।
বৃহস্পতিবার রাতে চীনা মালিকানাধীন রোসিতা নিটওয়্যার ও মেগাটেক্স নিটওয়্যার বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়।
খবর শুনে শুক্রবার সকাল থেকে কয়েকশ’ শ্রমিক ফটকের সামনে জড়ো হয়। তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ঈশ্বরদী থানার ওসি আকবর হোসেন বন্ধের ঘোষণার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা দিনভর সভা-সমাবেশ করেছে। কারখানার নোটিশে আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধের কথা বলা হয়েছে।
অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানা দুটিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন বলে জানান তিনি।
বন্ধের নোটিশে বলা হয়, আর্ন্তজাতিক বাজারে পোশাকের দাম হ্রাস, শ্রমিক অসন্তোষসহ বর্তমানে ঈশ্বরদীতে সামাজিক পরিস্থিতি অনুকূল না থাকায় রোসিতা ও মেগাটেক্স কারখানা বন্ধ ঘোষণা করা হল।
রোসিতা সোয়েটার কারখানার অফিস সহকারী রেজাউল করিম, শ্রমিক সাবিনা খাতুন ও জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবারও তারা সারাদিন কাজ করেছেন। কারখানা বন্ধ করে দেওয়ায় তারা হতাশ।
চলতি বছর ২৫ মার্চ শ্রমিকদের বেতন ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে কারখানার মালিক, শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে অনেক শ্রমিক-পুলিশ আহত হয়। তখন থেকেই ঈশ্বরদী ইপিজেডের এই দুটি কারখানায় অশান্ত পরিস্থিতি বিরাজ করছিল।
এ ব্যাপারে ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) মাহমুদ হাসানের মোবাইলে ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩১ ঘ.
bdnews24