বরিশাল, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি জীবনানন্দ দাস স্মরণে বরিশালে প্রথমবারের মতো শুরু হয়েছে জীবনানন্দ মেলা।
জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হলে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন কথাশিল্পী মিহির সেনগুপ্ত।
রোববার পর্যন্ত এই মেলা চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।
উদ্বোধনের আগে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জীবনানন্দ মিলনায়তনে শেষ হয়। সেখানে হয় কবি আড্ডা।
কবি আড্ডায় উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মহসিন হোসেন, কবিতা পরিষদের জেলা সভাপতি তপংকর চক্রবর্তী, মোস্তাক আল মেহেদী, আজমল হোসেন লাবু, মুকুল দাস প্রমুখ।
মেলায় মোট আটটি স্টল রয়েছে।
কবি মেলা আয়োজকদের একজন আজমল হোসেন লাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় কবি আসাদ চৌধুরী ও ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদকে সংবর্ধনা দেয়া হবে।
এছাড়া শনিবার জীবনানন্দ দাশ বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন এবং প্রকাশক সিকদার আবুল বাশার ও মো. জসিমউদ্দিনকে সংবর্ধনা দেয়া হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২২ ঘ.
bdnews24