২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মহেম ধামের লালন উৎসব

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার টেকেরহাটে দুই বাংলার বাউল সাধক-শিল্পী-ভক্তদের অংশগ্রহণে শুরু হয়েছে দু’দিনব্যাপী লালন উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার টেকেরহাটে দুই বাংলার বাউল সাধক-শিল্পী-ভক্তদের অংশগ্রহণে শুরু হয়েছে দু’দিনব্যাপী লালন উৎসব। বৃহস্পতিবার বিকালে সাধু-গুরুদের আসন গ্রহণ ও অধিবাসের মধ্যদিয়ে দোসরপাড়ার ইছামতীর কোল ঘেঁষে ‘লালন সাঁই বটতলায়’ শুরু হয় এ সাধুসঙ্গ। ‘পদ্মহেম ধাম’ নামের একটি সংগঠন ২০০৫ সালে থেকে প্রতিবছরের এ পূর্ণিমা তিথিতে আয়োজন করে বাউল ফকির লালন অনুসারীদের এ মিলনমেলার; যেখানে গানে গানে বিশ্ব মানবতার জয়গান গাওয়া হয়। লালনের পদ অবলম্বনে এবার উৎসবের প্রতিপাদ্য- ‘আগে জান গো মানুষের করণ কিসে হয়’। উৎসবে অংশ নিতে দেশ-বিদেশ থেকে গত কদিন ধরেই ভক্তরা আসতে শুরু করেছেন তিন দিকে ইছামতী নদী দিয়ে ঘেরা এ গ্রামে। উৎসব চলবে বিরতীহীন শুক্রবার মধ্যরাত পর্যন্ত। বিকালে উৎসবের সূচনা হলেও সন্ধ্যায় দৈন্যগানের পরই শুরু হয়ে যায় শিল্পীদের পরিবেশনায় লালনগীতির আসর। এ রাতে লালনের গান ও গানের ফাঁকে ফাঁকে তার মাহাত্ম তুলে ধরেন শিল্পী ফরিদা পারভীন, কুষ্টিয়ার দরবেশ নহীর শাহ, মহরম শাহ, সামসুল ফকির, বুড়ি ফকিরানী, রব ফকির, ওয়াচ শাহ, রওশন ফকির, হৃদয় শাহ, টুনটুন বাউল, রাজ্জাক বাউল, এনামুল শাহ, আরিফ বাউল, গোলাপি, ছমির বাউল, পাগলা বাবলু, তকাবর বাউল, রিংকুসহ লালনগীতি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পদ্মহেম ধামের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন, ছোট পরিসরেই সাত বছর আগে শুরু হয়েছিল এ সাধুসঙ্গ। এখন সেটি দিন দিন বড় হচ্ছে। পদ্মহেম আশ্রমে এই বছর প্রতিষ্ঠিত হয়েছে লালন সঙ্গীত স্কুল। এ স্কুলের শিক্ষার্থীদের বয়সের ভেদাভেদ নেই। ঢাকা থেকে আসা অনিক মাহমুদ জানান, মধ্যরাতে ইছামতীর জলে ভাসা পূর্ণিমার চাঁদে লালনের গান উপভোগ করতেই প্রতিবছর এখানে ছুটে আসেন। প্রকৃতিই এখানে লালন-ভক্তদের টেনে আনে। সন্ধ্যায় এ অনুষ্ঠানে অংশ নেন পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান, মুন্সীগঞ্চ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল, আব্দুল মান্নান কম্পানি, কাঙ্গাল বন্ধুমোহন মাদবর, কবির হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৩৫ ঘ.