২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সদর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

গাজীপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সদর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বোর্ড বাজারের কুনিয়া এলাকার ‘এন কিউ কালেকশন লিমিটেড’ নামের পোশাক কারখানার শ্রমিকরা আধ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে বলে জানায় পুলিশ। শিল্পাঞ্চল পুলিশ (জোন-২) গাজীপুরের সহকারি পরিচালক মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের পূর্ব নির্ধারিত তারিখ ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও শ্রমিকরা বেতন না পেয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষের কাছে তাদের অগাস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন পাওনা রয়েছে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাতেই বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. নওশের আলী দাবি করেন, ঈদের আগে অনেক শ্রমিক এ কারখানায় কাজ রেখে অন্য কারখানায় চলে গেছে। তারাই কিছু ‘বহিরাগতদের’ নিয়ে পরিস্থিতি অশান্ত করে তোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২২১ ঘ.