২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে জুয়ায় মদদ দেয়ায় যুবককে মারধর

দিনাজপুরে জুয়া খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে চার যুবকের মৃত্যুর পর জুয়ায় মদদ দেয়ার অভিযোগে এক যুবককে মারধর করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

দিনাজপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে জুয়া খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে চার যুবকের মৃত্যুর পর জুয়ায় মদদ দেয়ার অভিযোগে এক যুবককে মারধর করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার বিকালে শহরতলীর রামনগর এলাকায় উত্তেজিত লোকজন গোবরাপাড়ার শাহীনকে (৩২) মারধর করে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। একদিন আগে লাগবাগ গোরস্থানের পাশে জুয়া খেলার সময় গোয়েন্দা পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই চার যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দিনাজপুর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেখানে জুয়ার আসর চলে সেই জমির মালিক গোবরাপাড়ার শাহীনরা। লোকজন একাধিকবার এখানে জুয়া খেলা বন্ধের জন্য তাদের বললেও তারা বন্ধ করেনি। তাই নিহতের পরিবার ও এলাকার লোকজন শাহীনকে মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী যুবককে মারপিট ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এদিকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে ওই চার যুবকের লাশ হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৪৮ ঘ.