গোপালগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর মূল কাঠামো কবে নাগাদ নির্মাণ শুরু হবে সে বিষয়টি এখানো স্পষ্ট না হলেও এর ৯৮ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীর ওপরে নির্মাণাধীন পাটগাতী সেতু পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বর্তমান সরকারের মেয়াদেই মূল সেতুর কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেন কাদের।
এ প্রকল্পের অর্থায়নকারী প্রধান সংস্থা বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ এনে ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি বাতিল করলেও সরকারের বিভিন্ন তৎপরতায় আবার ফেরার ঘোষণা দেয়। তাদের শর্ত অনুযায়ী একটি পর্যবক্ষক দল দুর্নীতির অভিযোগ তদন্তের অগ্রগতি দেখতে এক দফা ঢাকা ঘুরে গেছে। ডিসেম্বরে আবারও বাংলাদেশে আসার কথা রয়েছে ওই দলটির।
এছাড়া প্রকল্পের বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনার জন্য বিশ্ব ব্যাংকের আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা রয়েছে।
মন্ত্রী বলেন, “সরকার সকল দরজা খোলা রেখে বিশ্ব ব্যাংকের সঙ্গে আন্তরিকভাবে কাজ করছে। আমরা প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে বসে রয়েছি। অর্থায়ন হলেই মূল সেতুর কাজ শুরু করা হবে।”
পাটগাতী সেতু নির্মাণ নিয়ে অসন্তোষ
৭২ কোটি টাকা ব্যয়ে পাটগাতী সেতুর নির্মাণ কাজ ঘুরে দেখে নির্মাতা প্রতিষ্ঠান আর পি কনস্ট্রাকশনসের মালিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন যোগাযোগ মন্ত্রী।
ঠিকাদারকে কাদের বলেন, “আমি এ সেতুর কাজ দেখে সন্তুষ্ট হতে পারছি না। আগামী জুনের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে।”
“প্রয়োজনীয় অর্থ ও বিল আমি দেব। এ ব্যাপারে আমি কোনো অজুহাত শুনব না। জুনে প্রধানমন্ত্রী এ সেতুর উদ্বোধন করবেন।”
ঠিকাদারের সঙ্গে কথা বলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমি ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারীর সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি জুনের মধ্যে সেতুর কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।”
এছাড়া গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়ক ও কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের কাজও জুনের মধ্যে শেষ হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৫২০ ঘ.
bdnews24