ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার দয়াগঞ্জে বাসচাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মামুন হোসেন (২২) লক্ষ্মীবাজার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ীর থানার উপ-পরিদর্শক এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একটি লেগুনার (হিউম্যান হলার) পাশে ঝুলে যাত্রাবাড়ী থেকে সদরঘাটে যাচ্ছিলেন মামুন। পাশ দিয়ে একটি বাস যাওয়ার সময় মামুন লেগুনা থেকে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হন।
রক্তাক্ত মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ওই বাসে অগ্নিসংযোগ করে। বাসের চালককে আটক করা হয়েছে বলে উপ পরিদর্শক এমরান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৩৫২ ঘ.
bdnews24