২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরিনে অগ্নিকাণ্ড‘তদন্তেই বের হবে কারা জড়িত’

সাভারের তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ষড়যন্ত্র না দুর্ঘটনা তা তদন্তেই বেরিয়ে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

সিলেট, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ষড়যন্ত্র না দুর্ঘটনা তা তদন্তেই বেরিয়ে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার সিলেটে তিনি বলেন, “সাভারের গার্মেন্টসে অগ্নিকাণ্ড ষড়যন্ত্র না দুর্ঘটনা তা তদন্তের পরই জানা যাবে। তদন্তেই বেরিয়ে আসবে এর সঙ্গে কারা জড়িত।” বিকালে ওসমানীনগরে দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবার সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্র“পের এই কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যু হয়। এ ঘটনা তদন্তে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রশাসন, ফায়ার ব্রিগেড ও পুলিশের পক্ষ থেকে পাঁচটি কমিটি করা হয়েছে। প্রাণহানির ঘটনায় সোমবার জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছিল। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। দেশে পদ্মাসেতুর পর দ্বিতীয় বৃহৎ প্রকল্প সিলেটে নেয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চীন সরকারের দেয়া ৫৬০ মিলিয়ন ইউএস ডলার সহায়তায় ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা তৈরি হবে। এটিই এ সরকারের দ্বিতীয় বৃহৎ প্রজেক্ট। বর্তমান সরকারের আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ৭১০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন হয়েছে। এছাড়া ওসমানীনগর থানাকে উপজেলায় রূপান্তরের সব প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান মন্ত্রী। ওসমানীনগর থানা আওয়ামী লীগের সভাপতি কবীর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদাল হোসেনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, দলের সিলেট জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান প্রমুখ। এর আগে মন্ত্রী ওসমানীনগরের কাকড়খালি নদীর উপর সেতু এবং দয়ামীর বাজারে ওসমানী স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৫৪ ঘ.