ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজা মার্কেটে একটি গয়নার দোকানে চুরি হয়েছে।
সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে কোনো এক সময় মার্কেটের চার তলায় শতরূপা জুয়েলার্স নামের ওই দোকানে চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক কার্তিক কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে সবাই চলে যান।
“মঙ্গলবার মার্কেটের সাপ্তাহিক ছুটি শেষে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দোকান খুলে জিনিসপত্র এলোমেলো, ছড়ানো ছিটানো এবং অলঙ্কারের বক্সগুলো খালি পড়ে থাকতে দেখি।”
তার দাবি, দোকানে প্রায় সাতশ ভরি স্বর্ণালংকার ছিল।
চোর দোকানে কীভাবে ঢুকেছে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি দোকান কর্তৃপক্ষ বা পুলিশ।
কলাবাগান থানার ওসি এনামুল হক বলেছেন, চুরির বিষয়টি খতিয়ে দেখতে সিআইডির একটি বিশেষজ্ঞ দল মাঠে নেমেছে।
চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ সম্পর্কে লিখিত কোনো হিসাব পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
প্রায় পাঁচ মাস আগে একই মার্কেটে গ্রামবাংলা জুয়েলার্সের সিলিং ভেঙে চুরির ঘটনা ঘটে বলে কার্তিক কর্মকার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমডি/আরএ/১৩৪০ ঘ.
bdnews24