২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আহত ছাত্রলীগকর্মীর মৃত্যু, গ্রেপ্তার ২

বরিশালের গৌরনদী উপজেলা বাসস্ট্যান্ডের আধিপত্য নিয়ে সোমবার রাতে দু’পক্ষের সংঘর্ষে আহত ছাত্রলীগকর্মী রুমান ফকির মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

বরিশাল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলা বাসস্ট্যান্ডের আধিপত্য নিয়ে সোমবার রাতে দু’পক্ষের সংঘর্ষে আহত ছাত্রলীগকর্মী রুমান ফকির মারা গেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রুমানের (২৪) মৃত্যু হয়। রুমান গৌরনদীর কসবা গ্রামের প্রয়াত মিজান ফকিরের ছেলে। এ ঘটনায় রুমানের মা শামীমা বেগম সোমবার রাতে মামলা করলে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া ও ছাত্রলীগকর্মী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এদিকে সকালে রুমানের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছলে বিক্ষুব্ধরা ঢাকা-বরিশাল সড়কের টরকী বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে। এ সময় তারা পুলিশকে বহনকারী একটি বাস ভাংচুর করে। পরে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গৌরনদী থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসস্ট্যান্ডের আধিপত্য নিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল সরদারের সঙ্গে ছাত্রলীগ নেতা রবিউল খানের দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাত ১০টার দিকে রবিউল ও তার সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে বাসস্ট্যান্ডে রুবেল সরদার ও তার সমর্থকদের ওপর হামলা চালালে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় তিনটি বোমা বিস্ফোরণ ঘটে। আহত হয় অন্তত ১০ জন। বরিশালের পুলিশ সুপার মো. এহসান উল্লাহ বলেন, আহতদের মধ্যে রুমান, ফেরদাউস (২৫) ও হিরা বেপারীকে (২৩) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রুমানকে রাতেই ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ওসি আবুল কালাম আরো বলেন, রুমানের মায়ের মামলায় জুবায়েরুল ইসলাম সান্টু ভুঁইয়া, পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মামুন মিয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাহাবুল খানসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো পাঁচ জনকে আসামি করা হয়েছে। রাতে গ্রেপ্তার জুবায়েরুল ও সাদ্দামকে মঙ্গলবার আদালতে হাজির করলে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০০ ঘ.